২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গুলিতে পুলিশ আহত

রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। এছাড়া মিরপুর ও বংশালে ছুরিকাঘাতে নিহত হয়েছেন দুজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 10:32 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার রাতে শুটিং ক্লাবের কাছে পুলিশের গাড়িচালক সাখাওয়াতের ওপর গুলিবর্ষণ হয় বলে গুলশান থানার পরিদর্শক নূর এ আজম মিয়া জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানার গাড়িচালক সাখাওয়াত স্যুটিং ক্লাবের কাছে ছিলেন।

“পুলিশের গাড়ির পাশে দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় সাখাওয়াত তাদের জিজ্ঞাসাবাদ করে। এসময় হঠাৎ করে এক যুবক তার কাছে থাকা অস্ত্র দিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়।”

গুলি সাখাওয়াতের তলপেটে লেগেছে। তাকে প্রথমে পুলিশ হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় সন্ত্রাসীদের গ্রেপ্তারে মাঠে নেমেছে বলে জানান পরিদর্শক আজম।বিকালে বংশালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন মোহাম্মদ সাহেদ (২৬)।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় যুবক তাজুলসহ আরো কয়েকজন সাহেদকে আরমানিটোলা আনন্দময় স্কুলের গলিতে নিয়ে ছুরি মেরে পালিয়ে যায়।

তিনি জানান,  তাজুল রোববার জামিনে কারাগার থেকে বের হয়েছিল।

নিহত সাহেদও ‘ছিনতাইকারী’ ছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা হাসান বলেন, “নিজেদের মধ্যে কোন্দলের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।”

মিরপুরে ছুরিকাঘাতে নিহত ব্যক্তির নাম মো. ফজল মিয়া (২১)।

তার চাচাত ভাই জুয়েল সাংবাদিকদের বলেন, দারুস সালাম থানার লালকুটি এলাকায় ফজলকে ছুরি মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঢামেক ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খেলা নিয়ে ঝগড়ার জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।”

এদিকে কেরানীগঞ্জের আগানগর বাঁশপট্টি এলাকায় সকাল ১০টার দিকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। পরনে গোলাপি রঙের কামিজ ও কালো সালোয়ার রয়েছে।