পুরান ঢাকায় হাতবোমা বিস্ফোরণে আইনজীবী-পুলিশ আহত
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের মধ্যে পুরান ঢাকায় হাতবোমা বিস্ফোরণে এক আইনজীবী, এক পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।
রোববার দুপুরে আদালত এলাকার সামেনের সড়কে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এই বিস্ফোরণগুলো ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আহতরা হলেন- আইনজীবী উজ্জ্বল সরকার, ট্রাফিক কনস্টেবল আবুল বাশার, পথচারী সানজিদা ও সিরাজুল ইসলাম।
আদালতপাড়ার বিস্ফোরণটি ঘটে কোর্ট হাউস স্ট্রিটে বেলা সোয়া ২টার দিকে অন্নপূর্ণা হোটেলের সামনে।
প্রত্যক্ষদর্শী আইনজীবী মাহবুব হাসান রানা বলেন, পরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এতে আইনজীবী উজ্জ্বলের পেটের বাম পাশ এবং বাম হাত ঝলসে যায়। সিরাজুলের হাত ও পায়েও আঘাত লাগে।
আইনজীবী উজ্জ্বলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হাতবোমা বিস্ফোরণটি ঘটে বেলা ১২টার দিকে।
সূত্রাপুর থানার এসআই আলমগীর হোসেন জানান, পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত কনস্টেবল বাশার এবং ঢাকার ফরিদাবাদের বাসিন্দা সানজিদাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় বলে জানান আলমগীর।
তিনি বলেন, বোমা বিস্ফোরণের পর টহল গুলি ছুড়েছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
