২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুটি কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগগঞ্জে একটি জুট মিল ও বিদ্যুৎ উত্পাদন কেন্দ্রকে ৮৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 09:43 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রোববার পরিবেশ অধিদপ্তরে কারখানা দুটির মালিকের উপস্থিতিতে শুনানি শেষে এ দণ্ড দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করেই বিদ্যুৎ উত্পাদন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে সদর উপজেলার ফতুল্লার কাশীপুরে অবস্থিত ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেডকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই ৯৫ ভাগ অবকাঠামো নির্মাণ কাজ শেষ করেছে কারখানাটি। প্রতিষ্ঠানটি চালু হলে বাতাসে ভাসমান ক্ষতিকারক বস্তুকণার পরিমাণ বেড়ে যাবে এবং আশপাশের লোকজন শ্বাসকষ্টজনিত রোগে ভুগবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে এবং পর্যাপ্ত পরিমাণ ডাস্ট কালেক্টর না থাকার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নওয়াব আবদুল মালেক জুট মিলস লিমিটেডকে ৩৭ লাখ টাকা জরিমানা করা হয়।