আট আসনে পুনঃভোট ১৬ জানুয়ারি
৫ জানুয়ারির ভোটের দিন গোলযোগের কারণে ফল স্থগিত হওয়া আটটি আসনের ভোটকেন্দ্রগুলোতে ১৬ জানুয়ারি আবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পরদিনই নির্বাচনের কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটটি আসনের স্থগিত কেন্দ্রগুলোয় ১৬ জানুয়ারি ভোটের সিদ্ধান্ত হয়েছে।”
আটটি আসনের মধ্যে পুনঃভোটের তালিকায় রয়েছে প্রায় সাড়ে তিনশ কেন্দ্র। এর মধ্যে দিনাজপুর-৪ আসনের ৩৫টি কেন্দ্র, কুড়িগ্রাম-৪ আসনের ৩৫টি, গাইবান্ধা-১ আসনের ৪৮টি, গাইবান্ধা-৩ আসনের ৮০টি, গাইবান্ধা-৪ আসনের ৭২টি, বগুড়া-৭ আসনের ৪৬টি, যশোর-৫ আসনের ৬০টি এবং লক্ষ্মীপুর-১ আসনের ২১টি কেন্দ্র রয়েছে।
বিরোধী দলের অবরোধ-হরতাল, নাশকতায় ৩৬টি আসনের ৫৩৯টি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, পুড়িয়ে দেওয়া ও কেন্দ্র পুড়িয়ে দেওয়ায় ভোট বন্ধ করে রিটার্নিং কর্মকর্তা।
এ পরিপ্রেক্ষিতে সব কিছু পর্যারলোচনা করে ছয় জেলার আটটি আসনের স্থগিত কেন্দ্রে পুনভোট করার সিদ্ধান্ত নেয় ইসি।
রাতে নির্বাচন কমিশন জানায়, গোলযোগের কারণে ১৪৭ আসনের ১৮ হাজার কেন্দ্রের ৫৪০টিতে ভোট বন্ধ করা হয়।
এর মধ্যে থেকে যেসব আসনে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের মোট ভোটারের চেয়ে বেশি সেগুলো বাদ দিয়ে বাকি আসনের ভোটকেন্দ্রগুলোতে পুনঃনির্বাচন হবে বলে জানান কমিশনার আব্দুল মোবারক।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের ভোটারের চেয়ে কম হওয়ায় আটটি আসনে পুনঃভোট করতে হতে পারে। এ বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
ফল স্থগিত হওয়া এই আসনগুলোর মধ্যে দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন নির্বাচনকালীন সরকারের মন্ত্রী ও বর্তমান সাংসদ আবুল হাসান মাহমুদ আলী। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী এনামুল হক সরকার।
চিরিরবন্দর ও খানসামা নিয়ে গঠিত দিনাজপুরের এই আসনে ১২০টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৩ হাজার ৫৩ রয়েছে। এর মধ্যে ৬৩ কেন্দ্রের ঘোষিত ফলে মাহমুদ আলী ৬৮ হাজার ৮৮টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী এনামুল হক পেয়েছেন এক হাজার ৩৮০ ভোট। বাকি ৫৭টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে, যাতে মোট ১ লাখ ৩৩ হাজার ৪৬ ভোটার রয়েছে।
কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে আছেন জাকির হোসেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাঁস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোত্তালিব হোসেন এবং বাইকেল নিয়ে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিন।
গাইবান্ধা-১ আসনে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মনজুরুল ইসলাম লিটন, জাতীয় পার্টির আব্দুল কাদের খান, জাতীয় পার্টির (জেপি) রেজিয়া বেগম এবং স্বতন্ত্র দুই প্রার্থী সোহেল রানা সোনা ও সৈয়দা খুরশীদ হক।
সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১০৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত হয়েছে ৪৮ কেন্দ্রের ভোট। বাকিগুলোর মধ্যে ঘোষিত ৩৮টি কেন্দ্রের ফলে ৪৫ হাজার ৩৮৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন মঞ্জুরুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদের খান পেয়েছেন ৫ হাজার ৯৫৮ ভোট।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে।
বাকি ৫০টি কেন্দ্রের ফলে আওয়ামী লীগের ইউনুস আলী সরকার ৭০ হাজার ৬২৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি পেয়েছেন ১২ হাজার ৭৮১ ভোট।
এছাড়া এই আসনে প্রার্থী হিসেবে আছেন জাতীয় পার্টির (জেপি) প্রার্থী ফজলে করিম আহমেদ পল্লব।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে স্থগিত কেন্দ্রের সংখ্যা ৭২।
বাকি ৫৮টি কেন্দ্রের ফলে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী নেতা আবুল কালাম আজাদ ৫৯ হাজার ৮৬২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ১৮ হাজার ৮০৬ ভোট।
যশোর-৫ আসনে ১২২টি কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। বাকিগুলোর মধ্যে ১৬টি কেন্দ্রের ফলে মোট ২ লাখ ৮৬ হাজার ৪৯৬ ভোটের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী খান টিপু সুলতান পেয়েছেন ৭,৩৯৯ এবং স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৪ হাজার ৩৫১ ভোট।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ)আসনের ৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
এই আসনের ১ লাখ ৮৫ হাজার ২১০ ভোটের মধ্যে বাকি কেন্দ্রগুলোতে নৌকা প্রতীক নিয়ে তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল ৩২ হাজার ০৫৭ ভোটে এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম পেয়েছেন ২০ হাজার ৯১১ ভোট এবং জাতীয় পার্টির মাহমুদুর রহমান ১৯৫৮ ভোট পেয়েছেন।
