তরীকতকেও আসন দিল চট্টগ্রামবাসী
বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনে চট্টগ্রামের যে নয়টি আসনে ভোট হয়েছে, তার সাতটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা।
বাকি দুটির একটিতে জাতীয় পার্টি (জাপা) এবং অন্যটিতে তরীকত ফেডারেশনের প্রার্থী জয়ী হয়েছেন।
রোববার দিনব্যাপী ভোটগ্রহণের পর রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষ এবং জিমনেসিয়ামের পৃথক দুটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
জয়ীরা হলেন- চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এ তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরের আংশিক) আওয়ামী লীগের দিদারুল আলম, চট্টগ্রাম- (কোতোয়ালি) জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
চট্টগ্রাম-১১ (বন্দর) এ আওয়ামী লীগের এম এ লতিফ, চট্টগ্রাম- ১২ (পটিয়া) এ একই দলের শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) একই দলের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) একই দলের আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালীতে) একই দলের মোস্তাফিজুর রহমান জয় পেয়েছেন।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে বাকি সাতটির ছয়টিতে আওয়ামী লীগ এবং অন্যটিতে জাতীয় প্রার্থীর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সব মিলিয়ে ১৬ আসনে এখন আওয়ামী লীগের সংসদ সদস্য ১৩ জন।
চট্টগ্রামের নয়টি আসনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। প্রায় সব আসনেই ভোটারদের উপস্থিতির হার ছিল কম। তবে দ্বীপ উপজেলা সন্দ্বীপে ভোটের হার ৬৫ শতাংশ।
ভোটের সময় সাতকানিয়া ও লোহাগাড়ায় সংঘাত হয়েছে। লোহাগাড়ায় ব্যালট বক্স ছিনতাইয়ের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এককর্মী।
নির্বাচনের ফল : এক নজরে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): জয়ী হয়েছেন মহাজোটের শরিক তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী। নৌকা প্রতীকে লড়ে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৫১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করা মাহমুদ হাসান পেয়েছেন ১২ হাজার ৪৩৩ ভোট।
এই আসনে মোট ভোট কেন্দ্র ১৩৩ টি এবং ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ১১৪ জন। ভোটার উপস্থিতির হার ৪৩ দশমিক ০৭ শতাংশ।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৪৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এম এ সালামের প্রাপ্ত ভোট ৩ হাজার ৪৬৬।
মোট কেন্দ্র ৭৯টি এবং ভোটার ১ লাখ ৭৬ হাজার ৮৭২ জন। উপস্থিতির হার ৬৫ দশমিক ১৪ শতাংশ।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরের আংশিক): আওয়ামী লীগের দিদারুল আলম পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের আ ফ ম মফিজুর রহমান মশাল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৬২ ভোট।
এ আসনে মোট কেন্দ্র ছিল ১০৩ টি এবং ভোটার তিন লাখ ৫০ হাজার ৮৯ জন। ভোটার উপস্থিতি ৪৬ দশমিক ১৬ শতাংশ।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি): জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৭৭৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির আবু হানিফ হাতুড়ি মার্কায় পেয়েছেন ৩ হাজার ৫৯৯ ভোট।
মোট ভোট কেন্দ্র ১৪৩টি এবং ভোটার ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ জন। ভোটার উপস্থিতির হার ২৪ শতাংশ।
চট্টগ্রাম-১১ (বন্দর): আওয়ামী লীগের এম এ লতিফ পেয়েছেন ৬৪ হাজার ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কামাল উদ্দিন চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৯০ ভোট।
এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৯৭৯ জন। ১৪২ কেন্দ্রে ভোটার উপস্থিতি ১৪ শতাংশ।
চট্টগ্রাম-১২ (পটিয়া): আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সিরাজুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১৯৭ ভোট।
৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। মোট ভোটার ২ লাখ ৫০ হাজার ৫ জন। উপস্থিতির হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা): আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৯৮৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে তপন চক্রবর্তী পেয়েছেন ৫ হাজার ৪১৮ ভোট।
মোট ৯৭ কেন্দ্রে ভোটগ্রহণ হয়, ভোটার দুই লাখ ৭২ হাজার ৭৮৭ জন। ভোটার উপস্থিতির হার ৬৮ দশমিক ৯৫ শতাংশ।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): আওয়ামী লীগের আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৮৬৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফের জয়নাল আবেদিন কাদেরী টেলিভিশন প্রতীকে পেয়েছেন চার হাজার ৪৪৮ ভোট।
সাতকানিয়ার ১৩৮ কেন্দ্রের ১৩৬টি কেন্দ্রের ফল এসেছে। দুটি কেন্দ্রের ভোট জামায়াতি হামলার কারণে স্থগিত রয়েছে। এগুলো হল- ছাদাহা আদর্শ মহিলা মাদ্রাসা (ভোটার দুই হাজার ৮৪১) এবং আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (দুই হাজার ৯৪১)। এ আসনের মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ১২২ জন। ভোটার উপস্থিতির হার ৩২ দশমিক ৫৪ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের বলেন, স্থগিত কেন্দ্রের ভোট ছাড়াই আবু রেজা নদভী বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৫৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জেপি) হায়দার আলী চৌধুরী বাইসাইকেল মার্কায় পেয়েছেন ৬ হাজার ৮৪৮ ভোট।
মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১০ এবং ভোটার সংখ্যা দুই লাখ ৬৮ হাজার ৫৬৭। উপস্থিতির হার ৫৮ দশমিক ০৮ শতাংশ।
