Published : 20 Dec 2013, 06:12 PM
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ক্যাথেরিন অ্যাশটন শুক্রবার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো বিষয়টি স্থগিত করা হয়েছে।
“ইইউ এই নির্বাচন পর্যবেক্ষণে প্রস্তুত। কিন্তু সেজন্য একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ থাকতে হবে।”
বিবৃতির শুরুতেই বলা হয়, জাতিসংঘসহ বিভিন্ন পক্ষের নানামুখী চেষ্টার পরও বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো অংশগ্রহণমূলক একটি নির্বাচনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।
সহিংসতা থেকে বিরত থাকার পাশাপাশি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে রাজনীতিবিদদের প্রতি অনুরোধ জানান ক্যাথেরিন অ্যাশটন।
তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের কারণে একক প্রার্থী থাকায় ১৫৪টি আসনের ফল আগেই নির্ধারিত হয়ে গেছে। সে অনুযায়ী নির্ধারিত তারিখে ভোট হবে ১৪৬টি আসনে।
এদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি ও শরিকরা তফসিল ঘোষণার পর থেকেই ছুটির দিনগুলো ছাড়া প্রতিদিন সারা দেশে অবরোধ চালিয়ে আসছে। সহিংসতায় এর মধ্যেই আশি জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের যাদের বেশিরভাগই আগুনে পুড়ে বা বোমা বিস্ফোরণে মারা গেছেন।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকো চলতি মাসের শুরুতে ঢাকা সফর করে দুই প্রধান দলকে সংলাপে বসিয়ে তা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ঢাকা ছাড়েন।

File Photo
কিন্তু দুই দলের নেতাদের মধ্যে পরে দুদফায় বৈঠক হলেও দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সমঝোতা হয়নি।
নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই প্রধান দলের দূরত্ব আরো বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিবের দূতের এই সফরকে বাংলাদেশে রাজনৈতিক সঙ্কট এড়ানোর শেষ সুযোগ হিসেবে দেখে আসছিলেন কূটনীতিকরা।
এর আগে ৩০ নভেম্বর এক বিবৃতিতে ক্যাথেরিন অ্যাশটন বলেন, “২০০৮ সালের মতো এবারো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠনোর বিষয়টি বিবেচনা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত। তবে বিষয়টি নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর।”
৫ জানুয়ারি ভোটের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণার পরও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সহিংসতাকে আরো উস্কে দেয়- এমন কোনো পদক্ষেপ না নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ইইউ প্রতিনিধি।