নারীর সঙ্গে ভিডিও ভাইরাল, বিআইডব্লিউটিএ কর্মকর্তা বরখাস্ত
এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ অবস্থার ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
এক নারীর সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ায় পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ কে এম আরিফ উদ্দিন নামের ওই ব্যক্তি বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক।
এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ অবস্থার ৪৭ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনাও তৈরি হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই কর্মকর্তাকে বরখাস্তের বিষয়টি জানান।
সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নারী কেলেংকারী, দুর্নীতি ও অসদচারণের’ অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এজন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার কথা বলা হয়েছে আদেশে।
সাময়িক বরখাস্ত থাকাকারে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্য হবেন। এই সময়ে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানব সম্পদ বিভাগে হাজিরা দিতে বলা হয়েছে।
একই আদেশে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
