১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

গাছে লাল পিঁপড়ার কামড়ে ভারসাম্য হারিয়ে নিচে বাঁশের বেড়ার ওপর আছড়ে পড়ে রাকিব।

খাগড়াছড়িতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 11:36 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক শিশু মারা গেছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বর্ণাল ইউনিয়নের লৈথলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মাটিরাঙ্গা থানার ওসি শাহেদ উদ্দিন।

নিহত ১০ বছর বয়সি রাকিব ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। সে থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, সকালে স্কুলে যাওয়ার পথে বাড়ির পাশে একটি জাম গাছের নিচে স্কুলব্যাগ রেখে গাছে ওঠে রাকিব। এক পর্যায়ে গাছে থাকা লাল পিঁপড়ার কামড়ে সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। 

এ সময় পাশের বাঁশের বেড়ার ওপর আছড়ে পড়লে একটি বাঁশ তার শরীর বিদ্ধ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপর স্থানীয় লোকজন ছুটে যান। পরে স্বজনরা রাকিবের লাশ বাড়িতে নিয়ে যান।

ওসি শাহেদ উদ্দিন বলেন, বিভিন্ন জনের কাছ থেকে ঘটনাটি শুনেছেন তিনি। তবে ঘটনাটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি।