Published : 24 Jun 2026, 11:42 PM
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩ জুলাই।
সেদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু।
৫৭৩ ভোটার দুটি প্যানেল থেকে পছন্দের প্রার্থী বেছে নেবেন।
নির্বাচন ঘিরে এফডিসিতে আড্ডা, আলোচনা আর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিল্পী সমিতির কার্যালয়ের দুই পাশে নির্বাচনি ক্যাম্প বসিয়েছে দুই প্রতিদ্বন্দ্বী পরিষদ।
প্রার্থীদের আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু বলেন, এবার এফডিসিতে প্যানেল অনুযায়ী মাত্র চারটি ব্যানার লাগানো যাবে। কোনো প্যানেল বা প্রার্থী দেয়ালে পোস্টার লাগাতে বা রশি দিয়ে ঝুলিয়ে প্রচারণা চালাতে পারবেন না। স্বতন্ত্র প্রার্থীরা ৩ ফিট বাই আড়াই ফিট সাইজের ছোট ব্যানার ব্যবহার করতে পারবেন। তবে প্রার্থীরা চাইলে হ্যান্ডবিল বিতরণ করতে পারবেন।
নির্বাচনের দিন বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জোরদারের কথাও বলেন তিনি।

দুই প্যানেলে লড়ছেন যারা
নির্বাচনে এক পরিষদের সভাপতি প্রার্থী ফাইটার ও প্রযোজক আরমান এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
অন্য পরিষদে সভাপতি পদে শিবা সানু ও সাধারণ সম্পাদক প্রার্থী জয় চৌধুরী।
আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খল অভিনেতা কামরুজ্জামান কমল প্রার্থী হয়েছেন।
এ প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেন- মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।
শিবা সানু-জয় চৌধুরী পরিষদের সদস্যরা হলেন- সহ-সভাপতি ডি এ তায়েব ও রোজিনা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে লড়ছেন জাদু আজাদ প্রার্থী হয়েছেন।
এ প্যানেলের কার্যকরী পরিষদ সদস্য প্রার্থীরা হলেন- আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েশ আরজু ও কাবিলা।
কিবরিয়া লিপু ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।