Published : 01 Dec 2013, 12:05 PM

শনিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ক্যাথেরিন অ্যাশটন এক বিবৃতিতে এ কথা জানান।
বাংলাদেশে ইইউর দূত উইলিয়াম হানাও রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে বৈঠক করে একই কথা জানান।
ক্যাথেরিন অ্যাশটন বিবৃতিতে বলেন, “২০০৮ সালের মতো এবারো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠনোর বিষয়টি বিবেচনা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত। তবে বিষয়টি নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর।”
বিবৃতিতে বলা হয়, ৫ জানুয়ারি ভোটের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণার পরও বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধ চলতে থাকায় ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন।
“ইইউ বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছে, যাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়।”
সহিংসতাকে আরো উস্কে দেয়- এমন কোনো পদক্ষেপ না নেয়ার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ইইউ প্রতিনিধি।
নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে বিরোধী দলের হরতালে সহিংসতা এবং ‘রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীদের’ গ্রেপ্তারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয় ক্যাথেরিন অ্যাশটনের বিবৃতিতে।

তিনি বলেন, “পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে কী করতে হবে এবং এর কারিগরি বিষয়গুলো নিয়ে আমরা আজ সিইসির সঙ্গে আলোচনা করেছি। এখনো ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নির্ভর করবে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর।”
ইউরোপীয় ইউনিয়ন সবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন হানা।
“আমি সিইসিকে জোর দিয়ে বলেছি- আমরা এমন একটা নির্বাচন চাই, যা হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য।”