বগুড়ায় জামায়াত-শিবিরের হামলায় সাংবাদিক আহত
বগুড়ার কাহালুতে দুই সাংবাদিককে মারধর করেছে জামায়াত-শিবির কর্মীরা।
বৃহস্পতিবার উপজেলায় কাহালু প্রেস ক্লাবের সাবেক সভাপতি তানসেন আলম ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মতিন এ হামলার শিকার হয়েছেন।
তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক ইউনুছ আলী জানান, বিকাল ৪টায় জামায়াত-শিবিরের একটি মিছিল যাওয়ার সময় তানসেন ও মতিনের উপর ৮/১০জন মুখোশধারী হামলা চালায়।
কাহালু থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, জামায়াত-শিবিরের মিছিল যাওয়ার সময়ই ওই দুই সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে।
তবে হামলার কথা অস্বীকার করেছে উপজেলা জামায়াত।
