প্রাথমিকে প্রশ্ন ফাঁস হলেও পরীক্ষা আর হচ্ছে না
চার জেলায় প্রাথমিক সমাপনীর দুটি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেলেও নতুন করে এসব বিষয়ে আর পরীক্ষা নেয়া হবে না বলে জানিয়েছে সরকার।
বুধবার সচিবালয়ে প্রাথমিক সমাপনীর প্রশ্নপত্র ফাঁসের তদন্ত প্রতিবেদন উপস্থাপন নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী জানান, ঢাকা, খুলনা, সাতক্ষীরা ও দিনাজপুর জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনীর বাংলা বিষয়ে ৫০ শতাংশ এবং ইংরেজির ৮০ শতাংশ প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে।
আংশিকভাবে দুটি বিষয়ের প্রশ্ন ফাঁস হওয়ায় পরীক্ষা বাতিল করা হবে না জানিয়ে নাহিদ বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তির জন্য আলাদা পরীক্ষা নেয়া হলেও ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষার ভিত্তিতেই বৃত্তি দেয়া হচ্ছে।
নাহিদ বলেন, “বৃত্তি পাওয়ার ক্ষেত্রে যাতে শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ইংরেজির উত্তরপত্র মূল্যায়নে ‘বিশেষ গুরুত্ব’ দেয়া হবে। বেআইনিভাবে যাতে কেউ সুবিধা না পায়, সে দিকে খেয়াল রাখব।”
চারটি জেলায় প্রশ্ন আংশিক ফাঁস হওয়ায় সার্বিক পরীক্ষায় কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেন মন্ত্রী।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে গত ২৩ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
গত রোববার আশরাফুল মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “প্রশ্ন ফাঁসের সঙ্গে কিছু লোক জড়িত রয়েছে। আমরা তাদের সনাক্তের চেষ্টা করেছি। অবশ্যই অ্যাকশন নেব।”
ফাঁস হওয়া ইংরেজি বিষয়ের প্রশ্ন প্রণেতা এবং প্রুফ রিডার একই ব্যক্তি জানিয়ে তিনি বলেন, “ওই লোক ময়মনসিংহ এলাকার একটি কোচিং সেন্টারের সঙ্গেও জড়িত।”
ফাইল ছবি
আশরাফুল বলেন, “ফাঁস হওয়া প্রশ্নের প্রুফ রিডিং যিনি করেছেন তার নাম অন্য একজন প্রস্তাব করেছেন। আমরা এ বিষয়গুলো খতিয়ে দেখেছি।”
তিনি বলেন, বিজি প্রেসে ক্লোজ সার্কিট টেলিভিশনের অবস্থা ভালো না। সিসি টিভির সংখ্যাও অনেক কম।
এছাড়া এসব সিসি টিভিতে ধারণকৃত ফুটেজের মানও ভালো না জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, “বিজি প্রেসের সিটি টিভিগুলো মুভিং। মেশিনটি যখন একদিকে ঘুরে যায় তখন অন্যদিকের দৃশ্য রেকর্ড হয় না।
“ঘটনার দিনের আসল ফুটেজই আমরা পাইনি।”
বিজি প্রেসে প্রবেশের সময় আর্চওয়েগুলো ইলেকট্রনিক ডিভাইস সনাক্ত করে না জানিয়ে আশরাফুল বলেন, ফলে মোবাইল, পেনড্রাইভসহ অন্য ইলেকট্রনিক যন্ত্রপাতি ওই মেশিনে ধরা পড়ে না।
বিজি প্রেসে কাগজ সনাক্ত করার মেশিন নেই জানিয়ে এই অতিরিক্ত সচিব বলেছিলেন, “প্রশ্ন কম্পোজ করার ব্যবস্থাও ঠিক নেই। এখানে নতুন কোনো পদ্ধতি (সফটওয়ার) ব্যবহার করা যায় কি না তা দেখতে হবে।”
গত ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিরোধী দলের হরতাল ও অবরোধের কারণে ৬ ডিসেম্বর ওই পরীক্ষা শেষ হয়।
দেশের ছয় হাজার ৫৭৪টি কেন্দ্রে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।
এই পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও আসে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
