২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনী: প্রশ্ন ফাঁসের ঘটনায় মামলা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় একটি মামলা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 02:34 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

অধিদপ্তরের পরিচালক (প্রাশাসন) মাহবুবুন নাহার বুধবার মিরপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইন্টারনেটে প্রাথমিক সমাপনীর প্রশ্ন পাওয়া গেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখতে মামলা করা হয়েছে।”

প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এবার ফেইসবুকের একটি আইডির মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।”

ইন্টারনেটে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটের পাশাপাশি প্রিন্ট করেও প্রাথমিক সমাপনীর প্রশ্ন ছড়ানোর অভিযোগ পাওয়ার কথা জানান তিনি।

এ অভিযোগ তদন্তে গত ২৩ নভেম্বর তিন সদস্যের একটি কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আশরাফুল জানান, তারা তদন্ত কাজ শুরু করেছেন। তবে বিরোধী দলের অবরোধের কারণে ঢাকার বাইরে যেতে পারেননি।

গত ২০ নভেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

অভিযোগ উঠেছে, পরীক্ষা শুরুর আগেই এর প্রশ্ন ইন্টারনেটে পাওয়া যাচ্ছিল। গণিত ও ইংরেজির প্রশ্ন হুবুহু মিলে গেছে বলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

‘সর্বদলীয়’ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদও প্রশ্ন ফাঁসের ‘হোতাদের’ খুঁজে করে আইনের আওতায় আনা হবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন।