বন্ধু-বন্ধুপত্নীকে ছুরি মেরে ‘আত্মহত্যা’
পুরান ঢাকার একটি বাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ পেয়েছে পুলিশ, যিনি ওই বাড়ির গৃহকর্তা ও কর্ত্রীকে ছুরিকাঘাত করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে নারিন্দায় আবুল কালাম নামে একজনের বাড়ি থেকে মো. মান্নান (৫০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তার আগে তিনি কালাম (৫২) ও তার স্ত্রী বেবী বেগমকে (৪০) ছুরি মেরেছিলেন বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।
কালাম ও মান্নান দুজনই ধোলাইখালে পুরনো গাড়ির যন্ত্রপাতির ব্যবসা করেন এবং তারা বন্ধু ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। তবে এই ঘটনার কারণ বলতে পারেননি কেউ।
গেন্ডারিয়া থানার এসআই আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা নারিন্দার বেগমগঞ্জে কালামের বাড়িতে ভেতর থেকে আটকানো একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় মান্নানের লাশ পান।
কালাম ও বেবী পুলিশকে জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে মান্নান আকস্মিক এসে তাদের ছুরিকাঘাত করেন।
তাদের বক্তব্য অনুযায়ী, দোতলার ওই বাসায় ঢুকেই কালামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন মান্নান। তখন বেবী এগিয়ে এলে তার পেটেও ছুরিকাঘাত করেন মান্নান।
কালাম ও বেবী জানান, তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মান্নানকে ধরে তাদের বাসার একটি কক্ষে আটকে এরপর বাইরে থেকে তালা মেরে থানায় খবর দেয়।
এসআই আশিক বলেন, দুপুর ১২টার দিকে গিয়ে ওই কক্ষের তালা খুললেও ভেতর থেকে ছিটকিনি আটকানো থাকায় দরজা খুলছিল না। পরে ভেন্টিলেটার দিয়ে হাত ঢুকিয়ে ভিতরের ছিটকিনি খুলে মান্নানকে ঝুলতে দেখতে পান তারা।
ছুরিকাঘাতে আহত কালাম ও বেবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেবীর অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ কর্মকর্তা আশিক জানিয়েছেন।
ময়নাতদন্তের জন্য মান্নানের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
