২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্ত্রীকে হত্যার পর একজনের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলার পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি আমির হোসেন জানান।

নিহতরা হলেন- আক্তারুজ্জামান (৩৫) ও তার স্ত্রী মাফিয়া আক্তার (২৮)। এই দম্পতির স্কুল পড়ুয়া দুই ছেলে-মেয়ে রয়েছে। আক্তারুজ্জামান পেশায় স্কুটার চালক ছিলেন।

আক্তারুজ্জামানের বাবা মো. মজিদ ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তার ছেলে ও ছেলে বউয়ের মধ্যে ঝগড়া হতো। সকালেও তাদের ঝগড়া হয়।

“পরে ছেলে-মেয়েরা স্কুলে গেলে কোনো এক সময় শোয়ার ঘরে মাফিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে আক্তারুজ্জামান। পরে সে নিজে একই ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।”

তিনি বলেন, এ সময় ছেলে-মেয়েদের কেউ বাড়িতে ছিল না। দুপুরে তাদের মেয়ে আঁখি বাড়ি ফিরে ঘরের মধ্যে মার রক্তাক্ত দেহ এবং বাবার ঝুলন্ত লাশ দেখে আশপাশের সবাইকে ডেকে আনে।

এই দম্পতির ছেলে মিঠুন গাজীপুরের সীমান্তবর্তী ভালুকা উপজেলার জালোবাজার উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে এবং মেয়ে আঁখি শ্রীপুরের জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে।