ফুলগাজীতে দুর্ঘটনায় দন্ত চিকিৎসক নিহত
ফেনীর ফুলগাজী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। আহত হন দুজন।
রোববার এ দুর্ঘটনায় নিহত মাসুদ মজুমদার শামীম (২৫) পরশুরাম বাজারের জনসেবা ডেন্টাল ক্লিনিকের সত্ত্বাধিকারী।
আহত মোহাম্মদ সোহেলসহ (২৬) মোটরসাইকেলের অপর দুই আরোহীকে ফেনী সদর হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। হতাহত তিনজনই উপজেলার মির্জানগর ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা।
ফুলগাজী থানার ওসি মোহাম্মদ সৈয়দুল মোস্তফা জানান, বেলা ৩টার দিকে ফেনী-পরশুরাম সড়কে ফুলগাজীর আনন্দপুর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুত্বর আহত হন। ফেনী সদর হাসপাতালে নেয়ার পর মাসুদ মজুমদার শামীমকে মৃত ঘোষণা করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতার মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
