মধ্যপাড়ায় শ্রমিকদের ধর্মঘটের ছয়দিন
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট ষষ্ঠ দিনের মতো চলছে।
সরকার ঘোষিত ২০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান ও দক্ষ শ্রমিকদের স্থায়ী নিয়োগসহ ৫ দফা দাবিতে ২৫ নভেম্বর থেকে এ আন্দোলন শুরু করেন ৩২০ শ্রমিক-কর্মচারী।
ফলে বন্ধ রয়েছে খনির পাথর উত্তোলন কার্যক্রম। এতে লোকসানের পরিমাণ প্রায় ৬২ লাখ টাকারও বেশি বলে সংশ্লিষ্টরা জানান।
আন্দোলনরত শ্রমিক কর্মচারী-ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক জানান, এ ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীনতা দেখাচ্ছে। গত ২৬ নভেম্বর কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক-কর্মচারীদের একটি বৈঠক হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই বৈঠকে দাবি বাস্তবায়নে কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ দিতে পারেনি।
শ্রমিক কর্মচারী-ইউনিয়নের সভাপতি খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খনিতে প্রতিদিন গড়ে ৫শ’ মেট্রিক টন পাথর উত্তোলন হয়, যার টন প্রতি বর্তমান মূল্য ২৬ ডলার। সে হিসাবে আন্দোলনের কারণে গত ছয় দিনে খনির লোকসান হয়েছে প্রায় ৬২ লাখ ৪০ হাজার টাকা।
শ্রমিকদের ৫ দফা দাবির অপর তিনটি হল- ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, ডিপ্লোমা শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া চালু এবং অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করা।
