২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে হরতালে ৬ জন গুলিবিদ্ধ

পিরোজপুরের জিয়ানগরে ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে পিকেটারদের সঙ্গে পুলিশ ও বিজিবি’র সঙ্গে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 11:28 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

জিয়ানগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, শুক্রবার সকালে হরতালকারীরা স্থানীয় বালিপাড়া বাজারে পিকেটিং করার সময় পুলিশ ও বিজিবি’র সদস্যরা সেখানে গেলে সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়লে ১৮ দলের বেশ কয়েকজন নারীকর্মীসহ ছয়জনের গায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধরা হলেন, জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী রেনু আক্তার, তানিয়া আক্তার, আলেয়া বেগম, যুবদল কর্মী হাবিবুর রহমান, শাহাদাত হোসেন এবং ছাত্রদল কর্মী মো. করিম।

গুলিবিদ্ধদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিথ্যা মামলা, পুলিশের হয়রানি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও  জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জিয়ানগরে গণসংবর্ধনা অনুষ্ঠান প্রতিরোধে এই হরতালের ডাক দেয় ১৮ দল।

১৮ দলের অভিযোগ, জিয়ানগরকে পিরোজপুর-১ আসন থেকে পৃথক করতে আনোয়ার হোসেন মঞ্জুই কলকাঠি নেড়েছেন।

সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সকালে ১৮ দলের নেতাকর্মীরা বালিপাড়া বাজারে পিকেটিং করার সময় বিজিবি ও পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে বিনা উস্কানিতেই তাদের ওপর রাবার বুলেট ছোঁড়ে।”

ওসি কামরুজ্জামান বলেন, “হরতালকারীরা নাশকতার চেষ্টা করার কারণেই তাদেরকে গুলি করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।” 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

এদিকে, স্থানীয় আওয়ামী লীগের নেতা আলতাফ হোসেনের পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বিকালে আনোয়ার হোসেন মঞ্জুকে সংবর্ধনা দেয়ার পরই এই ঘটনা ঘটে।

আহত আলতাফ হোসেন জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদারের ছোটভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মতিউর রহমান জানান, বিকালে ২০-২৫ জনের একদল মুখোশধারী তার ভাইকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। দুর্বৃত্তদের প্রহারে আলতাফ হোসেনের ডান পা ভেঙে যায়।

ঘটনার সঙ্গে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেন মতিউর।