২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতকে (সম্মান) প্রথম বর্ষের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর শুরু হচ্ছে। চলবে ০৪ ডিসেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়।

গত ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে এক জরুরি সভায় তা স্থগিত করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ পরিচালক গোলাম সাকলাইন জানান, এ বছর ৩০ নভেম্বর থেকে ০৪ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে প্রতিদিন ৪ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ৩০ নভেম্বর ‘এ’ ইউনিট এবং ‘এইচ’ ইউনিটের, ১ ডিসেম্বর ‘বি’ ইউনিট,   ২ ডিসেম্বর ‘সি’ ইউনিট,  ৩ ডিসেম্বর ‘ডি’, ‘ই’ এবং ‘এফ’ ইউনিটের এবং ৪ ডিসেম্বর ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd  থেকে জানা যাবে।