২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকন রাজাকারের বিরুদ্ধে তিনজনের সাক্ষ্য

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 11:19 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বৃহস্পতিবার এ মামলায় প্রসিকিউশনের তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়।

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে এই প্রথম একদিনে তিনজন সাক্ষ্য দিলেন। এ তিন সাক্ষী হলেন- আবুল কাশেম, কানাই লাল মণ্ডল ও ইকরাম মোল্লা।

প্রসিকিউশনের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা আবুল কাশেমের বাড়ি এবং  আসামি জাহিদের বাড়ি একই ইউনিয়নের পাশাপাশি গ্রামে।

১৯৭০ সালে ১৫ বছর বয়সি কাশেম ছাত্রলীগের কর্মী হিসেবে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কেএম ওবায়দুর রহমানের পক্ষে কাজ করেছিলেন। ওই নির্বাচনে ওই এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন মাওলানা মোহাম্মদ আলী।

কাশেম বলেন, জাহিদ এবং তার ভাই জাফরসহ কয়েকজন মোহাম্মদ আলীর পক্ষে কাজ করেন।

একাত্তর সালের ২১ এপ্রিল নগরকান্দার গ্রামে জাহিদরা পাকিস্তানি বাহিনীকে অভ্যর্থনা জানায় বলে জানান সাক্ষী। তিনি বলেন, এরপর জাহিদের বড় ভাই জাফরের নেতৃত্বে একটি এবং মাওলানা আবুল কালামের নেতৃত্বে আরেকটি মুজাহিদ বাহিনী গঠন করা হয়।

“এ দুই বাহিনী পরে নগরকান্দার হিন্দুদের এবং আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের বাড়ি-ঘর লুটপাট, অগ্নিসংযোগ, নারী ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হয়।”

সাক্ষী কাশেম আরো বলেন, ১৯৭১ সালের ২৭ এপ্রিল জাহিদ এবং তার সহযোগীরা বনগ্রামে লুটপাট অগ্নিসংযোগ করে ১৭ জন লোককে ধরে নগরকান্দা থানায় নিয়ে নির‌্যাতন চালায়।

২৭ মে চাদঁহাটে রাধা রানী নামে এক গৃহবধূকে জাহিদ ও তার সঙ্গীরা ধর্ষণ করে বলে উল্লেখ করেন তিনি।

ওই ঘটনার তিন দিন পর ঈশ্বরদী গ্রামে ৫/৭ জন এবং কোদালিয়া গ্রামে শিশুসহ ১৬ জনকে হত্যা করা হয় বলে কাশেম জানান, যে লাশ তিনি দেখেছেন।

দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা কানাই লাল মণ্ডল বলেন, “একাত্তর সালে আষাঢ় মাসের শেষ দিকে জাহিদ, আয়নাল আমাদের বাড়িতে এলে আমি পাটক্ষেতে পালিয়ে যাই। তারা পাটক্ষেত থেকে আমাকে ধরে এনে নির‌্যাতন করে গুলি চালায়। আমাকে মৃত ভেবে ফেলে দিয়ে চলে যায় তারা।”

এছাড়া অনেক হিন্দুকে জোর করে মুসলমান বানানোর অভিযোগ করেন এ সাক্ষী। ওইসব ‍হিন্দু স্ত্রীদেরও মুসলমান বানানো হয় বলে জানান তিনি।

এরপর তৃতীয় সাক্ষী ইকরাম মোল্লা বলেন, ১৯৭১ সালে ২৭ এপ্রিল ভোরে জাহিদের  নেতৃত্বে রাজাকাররা তাদের বাড়িতে লুটপাট চালায়।

প্রত্যেক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পরে তাদের জেরা করেন পলাতক জাহিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।

গত ৯ অক্টোবর খোকন রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, ধর্মান্তরিতকরণনহ ১১টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল, যাকে এলাকার মানুষ ‘খোকন রাজাকার’ নামে চেনে।

গত ১৮ জুলাই মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ আমলে নিয়ে খোকনকে গ্রেপ্তারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পলাতক খোকনকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

১৪ আগস্টের মধ্যে আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতেই অভিযোগে গঠনের শুনানি শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ওইদিনই আব্দুস শুকুর খানকে পলাতক খোকনের আইনজীবী হিসেবে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল।

জাহিদের বিরুদ্ধে ১৬জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, তিনজনকে পুড়িয়ে হত্যা, ২ জনকে ধর্ষণ, ৯জনকে ধর্মান্তরিত করা, ২টি মন্দিরসহ ১০টি গ্রামের বাড়ীঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সাতজন গ্রামবাসীকে স্বপরিবারে দেশান্তরে বাধ্য করা ও ২৫ জনকে নির্যাতনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে খোকন জামায়াতের প্রার্থীর পক্ষে বৃহত্তর ফরিদপুর এলাকায় প্রচার চালান। পরে তিনি বিএনপির রাজনীতিতে জড়ান এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন।

২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকেই তিনি পলাতক।