২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যুবককে ‘পিটিয়ে হত্যা’

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 08:44 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বুধবার সকালে সোনাকান্দা এলাকায় নিহত আল আমিনের (৩৫) লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলার সময় এলাকাবাসী দেখে লাশটি উদ্ধার করে বলে জানিয়েছে পুলিশ।

আল আমিন সোনাকান্দা এলাকার নূরুল ইসলামের ছেলে।

সমুদ্র অধিদপ্তরের আওতাধীন ডেক কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের (ডিপিটিসি) নিরাপত্তা প্রহরী এবং শিক্ষার্থীরা তাকে পিটিয়ে মেরেছেন বলে দাবি করেছে এলাকাবাসী।

বন্দর থানার ওসি আকতারুজ্জামান জানিয়েছেন, গণপিটুনিতে আল আমিনের মৃত্যু হয়েছে।

ওসি বলেন, ডিপিটিসির আশপাশে ঘোরাফেরা করার সময় মঙ্গলবার রাতে কেন্দ্রের নিরাপত্তা প্রহরী নুরুল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী  আল আমিনকে আটক করে।

“পরে তাকে চোর আখ্যা দিয়ে কেন্দ্রের ভেতরে নিয়ে মারধর ও এলোপাতাড়ি পেটায় এবং রাতভর তাকে বেঁধে রাখে।”

তিনি বলেন, বুধবার সকালে আল আমিনের মৃত্যু হয়। বেলা ১১টার দিকে ডিপিটিসির প্রহরী ও কয়েকজন শিক্ষার্থী মিলে আল আমিনের লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়ার সময় এলাকার লোকজন দেখে ফেলে লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

আল আমিনের বড় বোন পারভীন আক্তার জানান, মঙ্গলবার রাত ১০টায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তার ভাই। বুধবার সকালে খবর পেয়ে নদীর তীরে গিয়ে তিনি লাশ সনাক্ত করেন।

আল আমিন রিকশা চালিয়ে সংসার চালাতেন। স্ত্রী শ্রাবন্তি ও ইয়ামুন নামে দেড় বছরের সন্তান নিয়ে তার সংসার ছিল।

পারভীন বলেন, তার ভাইকে চোর আখ্যা দিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

“আমি আমার ভাই হত্যার বিচার চাই।”