আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ বিক্ষোভ, সংঘর্ষে আহত শতাধিক
ন্যূনতম মজুরি আট হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে আশুলিয়ায় আবারো বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
সোমবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে পথচারীসহ দেড় শতাধিক লোক আহত হয়েছেন। একদিনের ছুটি ঘোষণা হয়েছে অর্ধশতাধিক কারখানায়।
সংঘর্ষ ও ভাংচুরের কারণে সকাল পৌনে ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মজুরি বোর্ড নির্ধারিত ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি মালিক পক্ষ মেনে নিলেও ৮ হাজার টাকার দবিতে আশুলিয়ার শিমুলতলা, নরসিংহপুর, জামগড়া এলাকার পোশাক শ্রমিকরা গত কয়েকদিন ধরেই বিক্ষোভ ভাংচুর চালিয়ে আসছে।
সোমবার সকাল ৯টার দিকে ওই এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও সড়কের পাশের বিভিন্ন কারখানায় ইটপাটকেল ছুড়তে শুরু করে।
এ সময় পুলিশ লাঠিপেটা শুরু করলে শ্রমিকরা তাদের দিকে ঢিল ছুড়তে থাকে। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।
এদিকে সকাল সোয়া ৯টার দিকে বেরন এলাকার ইস্টার্ন হাউজিং মাঠেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ শুরু হয়।
এ সময় দফায় দফায় সংঘর্ষে শতাধিক শ্রমিক আহত হন। তাদের বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষ শুরুর পর শিমুলতলা থেকে জিরাব পর্যন্ত অর্ধশতাধিক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে ন্যূনতম মজুরির পাঁচ হাজার তিন’ টাকা চলতি বেতনের সঙ্গে দেয়াসহ ১০ দফার দাবিতে সকালে প্রায় একই সময়ে হেমায়েতপুর এলাকার স্ট্যার্ন্ডার্ড গ্রুপের শ্রমিকরা কাজে এসে বিক্ষোভ শুরু করে। পরে সেখানেও একদিনের ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ-১ সাভার ক্যাম্পের এসআই ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানা কর্তৃপক্ষ ১০ দফা মানতে রাজি না হলে শ্রমিকরা ব্যাপক ভাংচুর শুরু করে।
পরে পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সকাল সোয়া ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে বলে শিল্প পুলিশ কর্মকর্তা সাত্তার জানান।
