আগুনে পুড়ল ৫০০ ব্যালট বক্স
সংসদ নির্বাচনের কয়েক মাস আগে নারায়ণগঞ্জে নির্বাচন কার্যালয়ের গুদামে অগ্নিকাণ্ডে পুড়েছে ৫০০টি ব্যালট বক্স।
বৃহস্পতিবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের পর কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিয়ে লুকোছাপা করলেও পরে ব্যালট বক্স পুড়ে যাওয়ার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেন।
কমিশনের বিভাগীয় কর্মকর্তাদের পরিদর্শনের পর সদর মডেল থানায় ৫০০ স্বচ্ছ ব্যালট বক্স পুড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরিও করেছে কমিশনের আঞ্চলিক কার্যালয়।
রাত ৩টার দিকে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের গুদামে অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় লোকজন ও দমকলকর্মীরা দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
অগ্নিকাণ্ডের পর সদর উপজেলার ইউএনও গাউছুল আযম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, যেসব কাগজপত্র পুড়েছে তা অনেক পুরনো। অনেক আগেই বিক্রি করে দেয়ার কথা ছিল।
উপজেলা নির্বাচন অফিসার তকদির আহমেদ জানিয়েছিলেন, গুদাম ঘরে মূলত ১৯৯৫ সালের ভোটার লিস্ট, ব্যালট পেপারসহ আনুষঙ্গিক কাগজপত্র ছিল। বিক্রির জন্যই সেগুলো ‘স্টোর রুমে’ রাখা হয়েছিল।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঢাকা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
