চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, ময়মনসিংহে এসব দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
জেলাগুলো থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা:
ভোলা সদর উপজেলার বাংলাবাজারে বাস চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
দুপুরে চরফ্যাশন থেকে ভোলাগামী একটি বাস বাংলাবাজার পুলিশ ফাঁড়ির কাছে সুজনকে (৭) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওই ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন।
তিনি আরো বলেন, সুজনের মৃত্যুর খবরে উত্তেজিত জনতা একটি বাস ও দুটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাংচুর করে।
একই ঘটনায় আহত আরেক ছাত্রকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার জন্য দায়ী বাসটি পালিয়ে গেছে বলেও জানায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বিকালে উপজেলার দাই পুকুরিয়া ইউনিয়নের তাজামুল হকের ছেলে মামুন (১৮) নিহত হন বলে পুলিশ জানায়।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,
বিকাল ৩টার দিকে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের তিন নম্বর গেটের সামনে দুটি ট্রাক মামুনকে দুপাশ থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাবনা:
পাবনার সাঁথিয়া উপজেলায় তেলবাহী লরির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
দুপুরে মাধপুর-সাঁথিয়া সড়কের জোড়গাছায় একটি লরি রাব্বিকে চাপা দেয়। রাব্বি ওই উপজেলার ধোপাদহ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
সাথিয়া থানার ওসি সাহিদ মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে রাব্বি তার মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লরিটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
দুপুরে ওলুহাটি নামক স্থানে উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক এনামুল হক মিলনের মোটর সাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকটর ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে মিলনের মৃত্যু হয়ে বলে পুলিশ জানিয়েছে।
নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম জানান, মিলন কিশোরগঞ্জের তাড়াইল থেকে মোটর সাইকেল যোগে নান্দাইল সদরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
