২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বোমা বিস্ফোরণে কিশোর আহত

রাজশাহীতে কৌতুহলী হয়ে টেপ খুলতে গিয়ে বোমা বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় আহত সজিব উদ্দিনকে (১৬) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরীর ডাঁশমারী এলাকার কামাল উদ্দিনের ছেলে সজিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারের সামনের স্টেশনারির এক দোকানে কাজ করে।

সজিব জানায়, দুপুর ২টার দিকে সে দোকানের পাশে ঘাসের মধ্যে কালো টেপ দিয়ে জড়ানো জর্দার কৌটাটি কুড়িয়ে পায়।

কৌটাটি বাড়িতে নিয়ে টেপ খুলতে গেলেই তা হাতেই বিস্ফোরিত হয়।

এতে তার ডান হাতের আঙুলের মাংস উঠে গেছে।

সজিবকে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী হাসিবুল মোল্লা।

আহত কিশোরের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে মতিহার থানার ওসি আব্দুল মজিদ জানান, বিশ্ববিদ্যালয়ে ওটা কুড়িয়ে পাওয়ার পরে সজিব প্রথমে তার নানিকে এনে দেখায়।

“ওর নানি তাকে ভেতরে কী আছে দেখতে বললে সে খোলা শুরু করে।”