২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অগ্নিদগ্ধে মৃত্যু: ৩৯ জনের নামে মামলা

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে এক অটোরিকশাযাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

মঙ্গলবার আশুলিয়া থানায় মামলাটি করেন মৃত অটোরিকশাযাত্রী মোস্তাফিজুর রহমান মুকুলের স্ত্রী বিনা সুলতানা।

মামলায় সাবেক সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে প্রধান আসামী করে ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর রহমান জানান, আসামিদের মধ্যে সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, তার ছোটভাই সাভারের ইয়ারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান মো. মঈন উদ্দিন বিপ্লবসহ ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত পরিচয় রয়েছে আরো অনেকে।

শাহীনূর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ক্যান্টমেন্ট এলাকার বীরশ্রেষ্ঠ মুন্সী শহীদ আব্দুর রউফ গেটের সামনে একটি অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা।

এ সময় অটোরিকশায় থাকা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মুকুল, হাসু ও চালক আসাদ গুরুতর আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মুকুলের মৃত্যু হয়।

মৃত মুকুল (৪০) বিশ্বাস গ্রুপের নবীনগর প্রকল্পের ক্রয় কর্মকর্তা ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। পরিবার নিয়ে সাভারের নবীনগরে থাকতেন তিনি।

অগ্নিদগ্ধ হাসু ও সিএনজি চালক আসাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।