২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় কার্যকর দেখতে চায় নিহতদের পরিবার

পিলখানায় হত্যাকাণ্ডের দায়ে দেড় শতাধিক বিদ্রোহী জওয়ানের মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চেয়েছে নিহত সেনা কর্মকর্তাদের পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

চার বছর আগের ঘটনায় মঙ্গলবার ঢাকার আদালতে রায়ের সময় উপস্থিত নিহত সেনা কর্মকর্তাদের স্ত্রীরা সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া জানান।

২০০৯ সালের রক্তাক্ত বিদ্রোহের সময় পিলখানায় বিডিআর সদর দপ্তরে ওই বাহিনীকে কর্মরত ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন।  

আসামির সংখ্যা আট শতাধিক হওয়ায় এই হত্যামামলার বিচার হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার জজ আদালতের বিশেষ এজলাস বসিয়ে।  

নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজনের স্ত্রী রায়ের সময় আদালতে ছিলেন। এদের মধ্যে রয়েছেন- লেফটেন্যান্ট কর্নেল ইনসাদ ইবনে আরসির স্ত্রী রোয়েনা মতিন, লেফটেন্যান্ট কর্নেল আইয়ুব কায়সারের স্ত্রী নুসরাত জাহান, মেজর মো. সালেহর স্ত্রী নাসরিন আহমেদ, কর্নেল মুজিবের স্ত্রী নেহরীন ফেরদৌসী প্রমুখ।

রায়ের পর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কক্ষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তারা বলেন, রায় যেন কার্যকর হয় সেই প্রত্যাশাই করছি।

রায়ে সন্তুষ্ট কি না- জানতে চাইলে তারা বলেন, কী কারণে এমন একটা বীভৎস ঘটনা ঘটল, তা এখনো জানা গেল না। তাই সন্তুষ্ট কি না, তা এখনি বলতে পারছেন না তারা।

আদালতের রায়ে ১৫২ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। খালাস পান ২৭৭ জন। বাকিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

পুরনো খবর:

পিলখানা হত্যা: ১৫২ আসামির ফাঁসির রায়