২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষিপ্ত বোমাবাজি, গাড়িতে আগুন

বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের শুরুতে রামপুরায় গাড়ি পুড়িয়েছে হরতালকারীরা; বিভিন্ন স্থানে বোমাবাজির খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 09:01 AM

Updated : 25 Apr 2022, 07:29 PM

নির্বাচনকালীন সরকারের বিষয়ে সংলাপে সরকারের ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলে সারা দেশে তিন দিনের এই হরতাল করছে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি।

হরতালের আগে রোববার রাত থেকেই রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, মিরপুর, আসাদগেইট, ফার্মগেইট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন এলাকাসহ প্রতিটি রাস্তার মোড়ে সতর্ক অবস্থান নিয়ে আছে পুলিশ ও র‌্যাব ।

একই দাবিতে গত সপ্তাহের শুরুতে বিরোধী দলের তিন দিনের হরতালের তুলনায় মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে বেশি যান চলাচল করছে। রিকশা  ও অটোরিকশার পাশাপাশি গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িও দেখা গেলে বিভিন্ন সড়কে। 

হরতালের কারণে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রামপুরা ব্রিজের কাছে একটি হিউম্যান হলারে আগুন দেয় হরতালকারীরা।

খবর পেয়ে বারিধারা ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান।

এদিকে রূপনগর থানার ইস্টার্ন হাউজিংয়ে সকাল ৬টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হায়দার আলীর বাসার পেছনে একটি হাতবোমা ফাটানো হয়। 

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবে খোদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে বাসার পেছনের দেয়ালে একটি বিস্ফোরণ ঘটে বলে হায়দার আলীর পরিবার অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে।” 

গত সপ্তাহের হরতালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরীন আফরোজ ও সরকারের কয়েকজন মন্ত্রীসহ বিশিষ্টজনদের বাড়ি এবং কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালেয়ের সামনে বোমাবাজির ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে ১০টি হাতবোমা ফাটানো হয়। এর পাশেই দৈনিক ইত্তেফাক ও মানবজমিনের কার্যালয়। 

বোমাবাজির পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফাঁকা গুলি ছোড়ে।

মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ধারণা আশেপাশের কোনো ভবনের ওপর থেকে ককটেলগুলো রাস্তায় ফেলা হয়। আশেপাশের ভবনগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।”

এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।

এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মেরুল বাড্ডায় মহিলা দল হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

হরতালের প্রথম দিন সোমবারও ঢাকাসহ বিভিন্ন স্থানে বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লালমনির হাট, নাটোর ও সাভারে হামলা, সংঘর্ষ ও গাড়িতে অগুন দেয়ার ঘটনায় অন্তত তিনজন নিহত হন।