সোনা চোরাচালান: আমানত বিমান বন্দরের কর্মচারীকে ‘প্রত্যাহার’
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যব্স্থাপকের ব্যক্তিগত সহকারীকে (পিএ)সরিয়ে দেয়া হয়েছে।
স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগ ওঠার পর রোববার বিকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে মোমেন মকসুদ নামে ওই কর্মচারীকে সব ধরনের দাপ্তরিক কাজ থেকে প্রত্যাহার করা হয়।
ব্যবস্থাপক উইং কমান্ডার মো. নুর ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোমেন মকসুদকে পিএ’র পদ থেকে অপসারণ করে সব দাপ্তরিক কাজ থেকে সরিয়ে রাখা হয়েছে।
“তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসায় বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। সেকারণে তাকে সংশ্লিষ্ট পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।”
সাম্প্রতিক সময়ে শাহ আমানত বিমান বন্দরে বিভিন্ন স্বর্ণ চোরাচালানের সঙ্গে মকসুদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
সর্বশেষ শনিবার শাহআমানত বিমানবন্দর থেকে ২৫০ তোলা ওজনের ২৫টি সোনার বার উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা। এর সঙ্গেও মোমেনের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
মোমেন মকসুদ বিমান বন্দরের স্টেনো টাইপিস্ট হিসেবে একজন স্থায়ী কর্মচারী। তিনি বিমানবন্দর ম্যানেজারের পিএ হিসেবে কাজ করতেন।
