২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা দুর্বৃত্তপনার আশ্রয় নিয়েছেন’

হরতাল ডেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘দুর্বৃত্তপনার’ আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার সকালে ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার নেতার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে গত সপ্তহে ৬০ ঘণ্টার হরতাল করার পর সোমবার থেকে আবারো টানা ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।   

এভাবে টানা হরতালের এ ঘোষণা দিয়ে বিরোধী জোটের প্রধান খালেদা জিয়া রাজনৈতিক ‘দায়িত্বহীনতার’ পরিচয় দিয়েছেন বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “এসব দুর্বৃত্তপনাকারীদের যথাযথ আইনের আওতায় আনা হবে। নাশকতা প্রতিরোধ করা হবে।”

হরতালবিরোধী আইন হচ্ছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “এ বিষয়ে গণসচেতনতা বেড়েছে। সরকার এ বিষয়টি নিয়ে ভাবছে।”

হরতালের আগে ও হরতাল চলাকালে ক্ষমতাসীন দলের কর্মীরাই বাসে আগুন ও ককটেল ফাটাচ্ছে বলে বিরোধী দল যে অভিযোগ করেছে- তাও প্রত্যাখ্যান করেন মন্ত্রী।

তিনি বলেন, “বিরোধী দল মিথ্যাচার করছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় চার নেতার হত্যাকারীরা কেউ রেহাই পাবে না। আসামিদের মধ্যে যারা বিদেশে পালাতক, তাদেরও ফিরিয়ে আনা হবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং জেল হত্যার ঘটনায় নিহত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ভাই আফসার উদ্দিন এ সময় উস্থিত ছিলেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার তিন মাস পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার রাজনৈতিক সহকর্মীকে কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয়। ওই দিনটিকেই অভিহিত হয় জেলহত্যা দিবস হিসেবে।

তাজউদ্দীন আহমদ ছাড়া ওই ঘটনায় নিহত অপর তিন জাতীয় নেতা হলেন- সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান।

বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের সময় মুজিবনগরে গঠিত বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ওই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।