হরতালে সংঘাত চলছে, নিহত ৭
বিরোধী দলের ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনেও সংঘাত অব্যাহত রয়েছে। প্রথম দিন পাঁচজনের মৃত্যুর পর সোমবার সহিংসতায় নিহত হয়েছেন সাতজন।
হরতালের মধ্যে চট্টগ্রাম, টাঙ্গাইল, জামালপুর, ঝিনাইদহ, কিশোরগঞ্জ ও চাঁদপুরে নিহতের এই ঘটনাগুলো ঘটে। এর মধ্যে কিশোরগঞ্জে এক আওয়ামী লীগকর্মী এবং জামালপুরে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন।
ঝিনাইদহে বিএনপির এক নেতা, কিশোরগঞ্জে যুবদলের এক কর্মী, টাঙ্গাইলে যুবদলের এক নেতা এবং চাঁদপুরে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন।
এছাড়া চট্টগ্রামে হরতালকারীদের ধাওয়ায় ট্রাক উল্টে নিহত হয়েছেন এক চালক।
সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশে পুলিশসহ আওয়ামী লীগকর্মীদের হামলায় বিরোধী দলের তিনজন নিহত এবং আড়াই হাজার আহত হয়েছেন।
বিরোধী দলের সাত শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার ও ১৭ হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা এবং ভ্রাম্যমাণ আদালতে ১২ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কিশোরগঞ্জ : দুই উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে উভয় দলের দুই নেতাকর্মী নিহত হয়েছে।
সকালে কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে আহত হন ‘যুবদলকর্মী’ হাছেন আলী (৩২)। বাজিতপুরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে তার মৃত্যু হয়।
হাছেন আলী উপজেলার রামদী ইউনিয়নের বাগপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
কিশোরগঞ্জে সংঘর্ষে আহত কয়েকজন।
তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার সৈয়দ আনোয়ার হোসেন বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
এদিকে জেলার বাজিতপুর উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
দুপুরে উপজেলা সদরে হরতালকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত হন বলিয়ারদি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি শের আলী।
রাতে রাতে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান বাজিতপুর থানার ওসি রমজান আলী।
ঝিনাইদহ : হরিণাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনকে (৫৬) বোমা মারার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দৌলতপুর ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান ছিলেন।
হরিণাকুণ্ড থানার ওসি মহিবুল হক জানান, দুপুরে হরতালের মধ্যে দলীয় কার্যক্রম শেষে দখলপুর বাজার থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা প্রথমে তার দিকে হাতবোমা ছুড়ে মারে। বিস্ফোরণে তিনি পড়ে গেলে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা চলে যায়।
জামালপুর : হরতালের মধ্যে ইসলামপুরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় এক আওয়ামী লীগকর্মী নিহত হয়েছেন।
ইসলামপুরের উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী মণ্ডল বলেন, রামভদ্রা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে বিএনপি ও জামায়াতকর্মীদের সঙ্গে সংঘর্ষে শাহাজাদা নামের ওই আওয়ামী লীগ কর্মী নিহত হন।
জামালপুরে শাহজাদা মিয়ার লাশের সামনে স্বজনদের আহাজারি
নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান জানান, রামভদ্রা গ্রামের জবেদ আলীর ছেলে শাহাজাদা স্থানীয় আওয়ামী লীগ কর্মী।
টাঙ্গাইল : হরতালের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে মির্জাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবদল নেতা নিহত হয়েছেন।
মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, সকাল ১১টার দিকে গোড়াই শিল্পাঞ্চল এলাকায় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর অনুসারীরা হরতালের সমর্থনে মিছিল বের করে।
এ সময় বিএনপির অন্য গ্রুপ ফিরোজ হায়দার খানের অনুসারীরা একই স্থানে আরেকটি মিছিল নিয়ে আসে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এর জের ধরে দুপুরে হামলায় উপজেলার গোড়াই ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলিম (৩৮) নিহত হন বলে পুলিশ জানায়।
চাঁদপুর : জেলা শহরের পুরানবাজারে বিএনপি ও আওয়ামী লীগকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনার পর চাঁদপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
নিহত মোহাম্মদ আরজুকে (১৬) নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্রদল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পুরানবাজারের নতুন রাস্তা এলাকায় পিকেটিংয়ের সময় হরতাল সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ বাঁধে। প্রায় দেড় ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষে আহত হন দুইপক্ষের অর্ধশতাধিক কর্মী।
পরে পুলিশ এসে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আমীর জাফর জানান।
আহতদের মধ্যে মোহাম্মদ আরজুকে সদর হাসপাতলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ সুপার আমীর জাফর জানান।
চট্টগ্রাম নগরীতে হরতালে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে রোববার রাত ২টার দিকে হাসমতের দোকান এলাকায় একটি ট্রাক হরতাল সমর্থকদের হামলার মুখে পড়ে।
পিকেটাররা ট্রাকটিকে ধাওয়া করে ঢিল ছুড়তে থাকলে ট্রাকের সামনের কাঁচ ভেঙে চালকের মাথায় আঘাত লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান।
সাতকানিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. রমিজ উদ্দিন জানান, নিহত মো. ওয়াসিম (৩৫) চাঁদপুরের হরিশগঞ্জ উপজেলার বাসিন্দা।
