২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের মধ্যে রাস্তায় পড়ে বিএনপি নেতা আহত

রাজশাহীতে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে রাস্তায় পড়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন আহত হয়েছেন। সংঘর্ষে অন্তত ১০ কর্মী আহত হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া  জানান, সোমবার সকাল ৮টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় ১৮ দলের নোতকর্মীরা হরতাল সমর্থনে  সমাবেশ করে ফেরার সময় দড়িখরবনা মোড়ে যানবাহন ভাংচুরের চেষ্টা করে। এসময়  সেখানে পুলিশ পৌঁছালে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে রবার বুলেট ও কাঁদুনে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

এসময় নিরাপদ স্থানে সরতে গিয়ে রাস্তার ওপর পড়ে আহত হন নগর বিএনপির সাধারণ সম্পাদক  মিলন।

এ বিষয়ে শফিকুল হক মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালের সমর্থনে মিছিল শেষে বাড়ি যাওয়ার সময় পিছন থেকে পুলিশ ধাওয়া করে রবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছোড়ে।

“এ সময় আমি রাস্তায় পড়ে আহত হই। আর পুলিশের রবার বুলেট ও কাঁদুনে গ্যাসে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।”

এদিকে নগরীর সোনাদিঘী এলাকায় জেলা বিএনপির কর্মীরা মিছিল-সমাবেশ শেষে ফেরার সময় রাজশাহী কলেজের সামনে যানবাহন ভাংচুরের  চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে সকল ৭টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে নগরীর কাদিরগঞ্জ মোড় থেকে হরতালের সমর্থনে মিছিল করে ১৮ দলের নেতাকর্মীরা। মিছিল শেষে তারা নগরীর মালোপাড়া মোড়ে পথসভা করে।

সেখানে মিজানুর রহমান মিনু ছাড়াও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য দেন।

এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী কলেজের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ শাহীন শওকতের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয়। মিছিল শেষে তারা সোনাদিঘী মোড়ে পথসভা করে।

এদিকে মহানগরীতে দুই দফা হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।