জয়পুরহাটে সংঘর্ষে সাংসদ আহত, ১৪৪ ধারা জারি
জয়পুরহাটে হরতাল সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে স্থানীয় বিএনপির সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর জেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
আহত সাংসদকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লাঠির আঘাত পেয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীরা জিরো পয়েন্ট এলাকায় হরতালের সমর্থনে সমাবেশ করে। প্রায় একশ’ গজ দূরে অবস্থান নেয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সংঘর্ষে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় লাল্টু নামে এক আওয়ামী লীগ কর্মী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
লাল্টুকেও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. নোমান চৌধুরী জানান, সংসদ সদস্যের আঘাত গুরুতর হলেও তিনি আশঙ্কামুক্ত।
জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসিন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জয়পুরহাট শহর এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তা বহাল থাকবে।
