স্বাধীনতার উদ্যানে রাজাকারের ছবিতে ধিক্কার প্রবাসেও
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে রাজাকারদের মুক্তির দাবিতে ছবি সম্বলিত বেলুন ওড়ানোয় ক্ষোভ উঠেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও।
শুক্রবার সেখানে এক সেমিনারে প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনায় ধিক্কার জানিয়ে আগামী নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করার আহ্বান জানান।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থান সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার খালেদা জিয়ার জনসভায় যুদ্ধাপরাধে দণ্ডিত নেতাদের মুক্তি দাবিতে বেলুন ওড়ায় জামায়াত-শিবির।
নিউ ইয়র্ক সিটির পালকি পার্টি সেন্টারে ‘ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ’র সেমিনারে বক্তাদের সবাই এই ঘটনায় ক্ষোভ-দুঃখ প্রকাশ করে ধিক্কার জানান।
সেমিনারের মূল আলোচক মুক্তিযুদ্ধ গবেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ জহির বীরপ্রতীক বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সাড়ে ৭ কোটি বাঙালির খাদ্য যারা উৎপাদন করেছেন, সেই একই শ্রেণির মানুষের সংখ্যা এখন ১৬ কোটি হয়েছে এবং ওই কৃষকরাই ১৬ কোটি মানুষের খাদ্য উৎপাদন করছেন।
“সেই আলোকে হলফ করে বলা যেতে পারে যে, সামনের নির্বাচনেও সেই খেটে খাওয়া বাঙালিরা যথাযথ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। মুক্তিযুদ্ধের চেতনা অটুট রাখতে তারা আবার সঠিক ব্যক্তিদেরকেই জয়ী করবেন।”
সাজ্জাদ জহিরের বক্তব্যের পর কবি ও কলামনিস্ট বেলাল বেগ ‘জয় বাংলা’ স্লোগানে অনুষ্ঠানকে একাত্তরের চেতনায় উজ্জীবিত করে তোলেন।
আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক সৈয়দ মুহম্মদউল্লাহ বলেন, “একাত্তরের ঘাতকদের বিচার অব্যাহত রাখার স্বার্থেই সামনের নির্বাচনে আবার নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে।
“নইলে রাজাকার আর আল বদররা আবার মাথাচাড়া দিয়ে উঠবে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশটিকে জঙ্গি আর সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করবে।”
সংগঠনের সভাপতি ও নিউ জার্সি সিটি কাউন্সিলম্যান ড. নূরন্নবীর সভাপতিত্বে এ সেমিনারের সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী।
নূরন্নবী বলেন, “প্রবাস থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করছি একাত্তরের ঘাতকদের স্বরূপ নতুন প্রজন্মের যথাযথভাবে উপস্থাপনে।”
সেমিনারে আলোচনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সাইফুল ইসলাম রহিম ও মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, দপ্তর সম্পাদক হাজী এনাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশু গুহ প্রমুখ।
