স্বাধীনতার উদ্যানে যুদ্ধাপরাধীদের বেলুন
বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানের আকাশে যুদ্ধাপরাধীদের ছবি সম্বলিত বেলুন উড়িয়েছে সমাবেশে অংশ নেয়া একাত্তরে স্বাধীনতাবিরোধী জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার খালেদা জিয়ার এই সমোবেশে বেলা ১টার পর উড়ানো চারটি বেলুনের একটি অবশ্য পরে নেমে যায়।
সবগুলো বেলুনেই যুদ্ধারাধে দণ্ডিত গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা এবং বিচারাধীন মতিউর রহমান নিজামী এবং এটিএম আজহারুল ইসলামের ছবি ছিল।
মঞ্চে সামনে থাকা দুটি বেলুন নামিয়ে ফেলতে বারবার অনুষ্ঠানের সঞ্চালক আব্দুস সালাম আহ্বান জানালে সেই বেলুন ধরে থাকা শিবিরকর্মীরা আরো সুতা ছেড়ে ওপরে উঠিয়ে দেয়।
সোহরাওয়ার্দী উদ্যান রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল।
১৯৭১ সালের ৭ মার্চ এই ময়দানেই বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, পরবর্তীতে কাঙ্ক্ষিত বিজয়ের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এখানে পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
এছাড়া ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গণআদালতে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ও এসেছিল এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে।
১৮ দলীয় জোটের সমাবেশে বক্তব্যে জামায়াত নেতারা যুদ্ধাপরাধে দণ্ডিতদের মুক্তি দাবির পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন।
দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ বলেন, “অন্যায়ভাবে’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচার করা হচ্ছে।
দণ্ডিত ও বিচারাধীন সব জামায়াত নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, “এদের হত্যা করে কি আন্দোলন দমাতে পারবেন? পারবেন না।”
