আরো ২ মামলায় রেলের মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের করা আরো দুটি মামলায় পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিকেট ইস্যুয়ার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে করা মামলায় সাতজন ও টুল কিপার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে করা মামলায় চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারি করেছে আদালত।
গত রোববার দুটি মামলায় মৃধাসহ মোট আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
টিকেট ইস্যুয়ার পদে দুর্নীতির অভিযোগে করা মামলায় যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন- সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, সাবেক ওয়েলফেয়ার কর্মকর্তা হাফিজুর রহমান এবং অবৈধভাবে নিয়োগ পাওয়া আজিজুল হক, রবিউল ইসলাম, সাইফুর রহমান ও আশরাফুল ইসলাম।
টুলকিপার পদে দুর্নীতির অভিযোগে করা মামলায় এই তিন সাবেক কর্মকর্তাসহ নিয়োগ পাওয়া মো. শাহীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
রেলের ছয় ধরণের পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় ছয়টি মামলা করে দুদক।
গত ২ অক্টোবর মামলা দুটির অভিযোগপত্র চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে জমা দেন দুদক ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক মামলার বাদি ও তদন্ত কর্মকর্তা এস এম রাশিদুর রেজা।
সোমবার আদালত অভিযোগপত্র দুটির গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৪ ডিসেম্বর মামলা দুটির পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।
২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকার বিজিবি সদর দপ্তরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ আলী মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এরপর ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলওয়েতে বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মোট ১৪টি মামলা করেছে দুদক।
