২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবারণায় জাহাজ ভাসা উৎসব

প্রবারণা পূর্ণিমায় কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জাহাজ ভাসানো উৎসবে বিভিন্ন ধর্মের লোকজনের ব্যাপক সমাগম হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 09:38 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

রোববার বিকালে বাঁকখালী নদীতে সাতটি গ্রাম থেকে দৃষ্টিনন্দন কল্পজাহাজ ভাসানো হয়।

এ সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের সাত থেকে আট হাজার উৎসুক মানুষ সমবেত হয়।

অনুষ্ঠানে ঢাক-ডোল বাজিয়ে নেচে, গেয়ে আনন্দে মেতে ওঠে সবাই।

এতে  মেরংলোয়া, পূর্ব মেরংলোয়া, হাজারীকুল, হাইটুপী, জাদিপাড়া, রাজারকুল ও দ্বীপ শ্রীকুল গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করে।

বাঁশ, কাঠ, বেত ও কাগজে রংয়ের কারুকাজ করে ময়ূর, কবুতর, উড়োজাহাজ, বৌদ্ধ মন্দির, হাঁস, চূড়া, শ্বেত হস্তিসহ বিভিন্ন আদলে দৃষ্টি-নন্দন এ জাহাজ তৈরি করেন অভিজ্ঞ কারিগররা।

এ উপলক্ষে বাঁকখালীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অর্পন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আজাদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি,রামু) আবুল কালাম, বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির আহমেদ জায়গীরদার, রামু বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি প্রবীর বড়ুয়া, বৌদ্ধ সমিতি রামু উপজেলা শাখার সভাপতি স্বপন বড়ুয়া প্রমুখ।