২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ কলেজছাত্রীর লাশ উদ্ধার, ৩ বান্ধবী আটক

গাজীপুরে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 08:23 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

রোববার বিকালে ঘাটগড় এলাকায় তুরাগ নদীতে জেলেদের জালে আটকা পড়ে সেলিনা আক্তারের লাশ। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

সেলিনা কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকার শহিদুল ইসলামের মেয়ে। তিনি চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এ ঘটনায় তার সঙ্গী তিন বান্ধবী পপি আক্তার, রেশমী ও ডালিয়াকে আটক করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সেলিনার খালতো বোন নাজামা আক্তার বলেন, শনিবার বিকালে সেলিনা তার বন্ধু বেলায়েতের সঙ্গে দেখা করতে বান্ধবীদের নিয়ে চা বাগান এলাকায় যান।

বেলায়েতের সঙ্গে কথা বলার সময় বান্ধবীরা দূরে ছিল। হঠাৎ তার সঙ্গে সেলিনার বাকবিতণ্ডা হয়।

তিনি দাবি করেন, এক পর্যায়ে বেলায়েত সেলিনার কাছ থেকে চলে যেতে থাকলে ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দেয় সেলিনা।

আশপাশের লোকজন সে সময় তাকে খোঁজাখুঁজি করে পায়নি।