‘ভাগ্যবান’ রিকশাচালক মধু মিয়া
দীর্ঘদিন রিকশা চালিয়ে মধু মিয়া দারিদ্র্য ঘোচাতে না পারলেও সেদিনের এক যাত্রীর কথা তার স্মরণে থাকবে আজীবন।
জীবিকার জন্য রিকশা চালান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরের মধু মিয়া। স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে নিয়ে কষ্টের সংসার তার। এই কষ্টের জীবনে এক যাত্রীকে রিকশায় ওঠানোর আনন্দ তার জীবনের স্মৃতি হয়ে থাকবে।
সোমবার তার রিকশায় ওঠেন বাংশাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তাই দিনটি তার জন্য এত গুরুত্বপূর্ণ।
সেদিন সকালে তিনি রিকশাটি ঝেড়ে-মুছে বাড়ি থেকে বের হন। তারপর উপজেলা সদরের ডাকবাংলোর কাছে হেলিপ্যাডে এসে অপেক্ষা করতে থাকেন তার যাত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের জন্য।
পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাষ্ট্র্রপতি আবদুল হামিদ অষ্টগ্রাম সফরে আসেন।
দুপুরে হেলিকপ্টারে করে তিনি উপজেলা হেলিপ্যাডে অবতরণ করেন। এরপর ওঠেন মধু মিয়ার রিকশায়।
মধু মিয়া রাষ্ট্রপতিকে প্রথমে নিয়ে যান ডাকবাংলোতে। সেখানে গার্ড অব অনারের পর কিছুক্ষণ বিশ্রাম নেন রাষ্ট্রপতি।
তারপর রিকশায় রাষ্ট্রপতিকে নিয়ে যান স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে রাষ্ট্রপতি গণ-সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠান শেষে ঘন্টা দু’য়েক পর পুনরায় রাষ্ট্রপতিকে হেলিপ্যাডে নিয়ে আসেন মধু মিয়া।
এ ব্যাপারে অনুভূতি জানাতে গিয়ে মধু মিয়া বলেন, “সার দেশের সব থাইক্যা বড় মানুষটারে উঠাতে পেরে আমার খুব গর্ব ও আনন্দ লাগতাছে। এইডা আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। এই দিনডার কথা আমি কোনদিনও ভুলতাম না।”
