হলমার্কের দখল থেকে মুক্ত সরকারি জমি
সাভারের হেমায়েতপুরে হলমার্ক গ্রুপের দখলে থাকা পাঁচ একর ২৪ শতাংশ সরকারি জমি সোমবার উদ্ধার করেছে জেলা পরিষদ।
হলমার্ক গ্রুপের এলাকার ভিতরে ওই সম্পত্তিতে স্থাপিত ছিল হলমার্ক গ্রুপের টিজে ফ্যশনস, রাইট মার্কস, হলমার্ক স্টাইল ও হলমার্ক ডেইরি ফার্ম।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে ঢাকা জেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী, ফুলবাড়িয়া ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা নজরুল ইসলাম এ অভিযানে অংশ নেন।
ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের আলোচিত হলমার্ক গ্রুপ কর্তৃপক্ষ সরকারি (খাস) জমি দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে।
সরকারি ম্যাপে কান্দিবলিয়ারপুর মৌজায় এক একর ও নন্দখালী মৌজায় ৪ একর ২৪ শতাংশ জমি হলমার্ক কর্তৃপক্ষ দখলে নিয়েছে। এরমধ্যে সরকারি রাস্তাও রয়েছে।
তিনি আরো বলেন, ওইসকল স্থাপনা সম্পর্ণ ভাঙা হচ্ছে না। যেটুকুর মধ্যে সরকারি সম্পত্তি রয়েছে ম্যাপ দেখে মেপে মেপে তাই ভাঙা হচ্ছে।
এদিকে হলমার্ক গ্রুপের উপ-মহাব্যবস্থাপক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো নোটিশ ছাড়াই ম্যাি স্ট্রেট এসে ভাংচুর করে আমাদের ব্যাপক ক্ষতিসাধন করেছে। আমাদের কোনো মালামাল সরাতে সময় দেয়নি।”
তিনি বলেন, যে সম্পত্তি সরকারি বলে দাবি করা হচ্ছে সেগুলো হলমার্কের ক্রয় করা সম্পত্তি। ২০০২ সালে জনতা হাউজিং থেকে এ সম্পত্তি ক্রয় করা হয়েছিল। তখন সরকারি ম্যাপে ওইখান দিয়ে কোনো রাস্তা ছিল না।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর হলমার্কের দখলে থাকা প্রায় ১০ একর সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়। এর মধ্যে এক একর ৬৫ শতাংশ সম্পত্তিতে থাকা বহুতল ভবনসহ ৮টি আধাপাকা বিল্ডিং ভেঙে দেয়া হয়।
অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপ দুই হাজার ছয়শ’ কোটি টাকার বেশি ঋণ নেয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, তার স্ত্রী জেসমিন ইসলাম ও ভায়রা তুষার আহমেদ কারাগারে রয়েছেন।
