২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরের শিক্ষকদের সরকারের হুমকি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে স্থবির স্বায়ত্তশাসিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি সোমবার এই হুমকি দেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মন্ত্রণালয় আশা করে, আন্দোলনরত শিক্ষকরা অবিবেচনাপ্রসূত সকল আচরণ ও শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী কার্যক্রম পরিহার করে আন্দোলন প্রত্যাহার করবেন এবং অনতিবিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে পেশাগত দায়িত্ব পালনে মনোনিবেশ করবেন।

“অন্যথায় সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”

আন্দোলনরত শিক্ষকরা ক্লাস বর্জন করে গত এক সপ্তাহ ধরে উপাচার্যের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। অন্যদিকে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে পাল্টা অবস্থান কর্মসূচিতে বসেছেন অধ্যাপক আনোয়ার হোসেন।  

শিক্ষকদের আন্দোলনের কারণে অচল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা না হওয়ায় অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের। অচলাবস্থা নিরসনের দাবি জানিয়ে আসছে বিভিন্ন ছাত্র সংগঠন।

প্রায় দেড় মাস আগেও একই রকম অচল হয়ে পড়েছিল দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়টি। এরপর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরেআন্দোলন স্থগিত করেছিল শিক্ষকরা।

কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়নি দাবি করে গত ৩০ সেপ্টেম্বর থেকে আবার আন্দোলনে নামে ‘সাধারণ শিক্ষক ফোরাম’।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা দেয়ার আগেই শিক্ষকদের একাংশ মন্ত্রণালয়ের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই পুনরায় আন্দোলন শুরু করেন।

“শিক্ষকদের একাংশের এ ধরনের আচরণ অবিবেচনাপ্রসূত এবং কোনোক্রমেই কাম্য নয়। উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।”

শিক্ষকদের আশ্বস্ত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় তদন্ত কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবে। ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে।

Image
অচলাবস্থা কাটাতে শনিবার মিন্টো রোডে নিজ বাড়িতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অচলাবস্থা কাটাতে শনিবার মিন্টো রোডে নিজ বাড়িতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গত ২৪ অগাস্ট শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠকের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত তদন্ত কমিশন গত বুধবার তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগ করলে গত বছর ১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে। পরে তিনি নির্বাচনের মধ্য দিয়ে উপাচার্য পদে স্থায়ী হন। কিন্তু বছর না ঘুরতেই শিক্ষক সমিতি তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়। এরই এক পর্যায়ে হাই কোর্ট বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে বাধা না দেয়ার নির্দেশ দিলে পিছু হটে শিক্ষক সমিতি। এরপর ‘সাধারণ শিক্ষক ফোরাম’ ব্যানারে নতুন কৌশলে আন্দোলন শুরু হয়, যাতে অধ্যাপক শরীফ এনামুল সমর্থকদের সঙ্গে সক্রিয় বিএনপি সমর্থক শিক্ষকরাও। ২১ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত টানা চার দিন উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের ধর্মঘটে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। পরে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ১৫ কার্যদিবসের জন্য আন্দোলন স্থগিত করেন আন্দোলনরত শিক্ষকরা। সেই সময় পেরিয়ে যাওয়ায় আবারো গত ৩০ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও উপ-নিবন্ধককে অবরুদ্ধ করে রাখেন শিক্ষকরা। ১ অক্টোবর রাত থেকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষকরা অবস্থান নেন। ওই দিন রাতে ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরে উপাচার্যও তার বাসভবনের সামনে পাল্টা অবস্থান নিয়ে আছেন।

পুরনো খবর:

ব্যবধান মাত্র ১০ গজ