ব্যবধান মাত্র ১০ গজ
দৃশ্যপট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন।
ফটকের সামনে রাস্তার উল্টোদিকে সার বেঁধে চেয়ার ফেলে বসে আছেন উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।
আর মাত্র ১০ গজ দূরে ফটকের ঠিক সামনে বসে আছেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। সঙ্গে তার স্ত্রীও আছেন।
এ অবস্থা চলছে মঙ্গলবার রাত সেয়া ১০টা থেকে। ওই সময়ে ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরে নিজের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান দেখে নিজেও চাদর বিছিয়ে বসে পড়েন উপাচার্য।
ওই স্থানেই খোলা আকাশের নিচে রাত পার করেন তারা। তাদের মধ্যে দূরত্ব এতোটাই কম যে এক পক্ষ কথা বললে অন্য পক্ষ তা শুনতে পান।
বেঁধে দেয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় মঙ্গলবার দুপুর থেকে উপাচার্যের বাড়ির সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে অর্ধশতাধিক শিক্ষক।
শিক্ষকদের কর্মসূচির সমালোচনা করে উপাচার্য সাংবাদিকদের বলেন, “বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি নাগরিক অধিকার ও আইনের পরিপন্থী। আন্দোলনকারী শিক্ষকদের এ ধরনের অযৌক্তিক ও অমানবিক আচরণ বিশ্ববিদ্যালয়ের সঙ্কট আরো বৃদ্ধি করবে, নিরসন করতে পারবে না।”
বাসার সামনে একজন শিক্ষকও অবস্থান করলে বাসভবনে ঢুকবেন না বলে জানান উপাচার্য আনোয়ার হোসেন।
অন্যদিকে পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষক ফোরাম।
ফোরামের সদস্য সচিব কামরুল আহসান বলেন, “উপাচার্যের অবস্থানের কারণে আমাদের কর্মসূচির হেরফের হবে না। উপাচার্য সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।”
অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগ করলে গত বছর ১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে। পরে তিনি নির্বাচনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী হন।
কিন্তু বছর না ঘুরতেই শিক্ষক সমিতি তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়। এরই এক পর্যায়ে হাই কোর্ট সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে বাধা না দেয়ার নির্দেশ দিলে পিছু হটে শিক্ষক সমিতি।
এরপর ‘সাধারণ শিক্ষক ফোরাম’ ব্যানারে নতুন কৌশলে আন্দোলন শুরু হয়, যাতে অধ্যাপক শরীফ এনামুল সমর্থকদের সঙ্গে সক্রিয় হন বিএনপি সমর্থক শিক্ষকরাও।
উপাচার্যের পদত্যাগ দাবিতে ২১ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত টানা চার দিন তাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের ধর্মঘটে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম।
পরে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মহিবুর রহমানকে প্রধান করে শিক্ষকদের অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়। এরপর ১৫ কার্যদিবসের জন্য আন্দোলন স্থগিত করেন আন্দোলনরত শিক্ষকরা।
সেই সময় পেরিয়ে যাওয়ায় আবারো তারা আন্দোলনে নেমেছেন।
এ বিষয়ে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর একটি তদন্ত কমিশন গঠন করেছেন। তদন্ত কমিশন ইতোমধ্যে তদন্ত কাজও সম্পন্ন করেছে।
“আমরা সবাই এখন তদন্ত কমিশনের রিপোর্টের দিকে চেয়ে আছি এবং চ্যান্সেলর যে আদেশ জারি করবেন তার অপেক্ষা করছি। এর ব্যত্যয় কারো কাছেই কাম্য নয়।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে গত তিন দিন ধরে তার কার্যালয়ে অবরুদ্ধ রাখার সমালোচনা করে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান অধ্যাপক আনোয়ার হোসেন।
এদিকে আন্দোলনরত শিক্ষকরা রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসানকেও ( টিচিং) গত তিন দিন ধরে রেজিস্ট্রার ভবনে অবরুদ্ধ করে রেখেছেন।
তাদের মুক্ত করার দাবিতে কাজ বন্ধ রেখে বুধবার প্রতিবাদ সমাবেশ করছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতি।
রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে মুক্ত করার জন্য উপাচার্যের প্রতি আহ্বান জানিছেন তারা।
