২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক ইলেকশন ফোরামের লোগো করল বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস (এফইএমবি) এর লোগো করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 11:44 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

ভুটানের রাজধানী থিম্পুতে ২-৩ অক্টোবর অনুষ্ঠিত চতুর্থ সম্মেলনে ফোরামের জন্য লোগো চূড়ান্ত করা হয় বলে সেখান থেকে ফিরে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন।

“ওই সম্মেলনে এ অঞ্চলের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানে সবার সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ সংক্রান্ত কাগজপত্রও তৈরি করা হবে।”

ফোরামের পঞ্চম সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠানের বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।

বাংলাদেশসহ শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও ভারতের প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের সচিবরা অংশ নেন।

২০১০ সালে নিয়ে প্রথমবারের মতো ‘মিটিং অন কো-অপারেশন অব ইলেকশন কমিশন্স ইন দি সাউথ এশিয়া রিজিওন’ শীর্ষক বৈঠক হয় স্বাগতিক বাংলাদেশে।

প্রাতিষ্ঠানিক ও পারস্পরিক স্থায়ী স্থায়ী সহযোগিতা, নির্বাচনী অভিজ্ঞতা কৌশল বিনিময়-এরক্ষেত্র তৈরির লক্ষ্যে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ নির্বাচন কমিশন দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশন নিয়ে একটি সংগঠন করার উদ্যোগ নেয়।

ইসি সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের সম্মেলনে বাংলাদেশ হতে ফোরামের জন্য ১০টি লোগোর নকশা উপস্থাপন করা হয়। এর মধ্যে একটি চূড়ান্ত হয়েছে।

সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার শাহনেওয়াজ ও সচিব মোহাম্মদ সাদিক যোগদান করেন।

ভুটানের রাজা জিগমে খেচার নামগেল ওয়াংচুক সম্মেলনে স্বল্প সময়ের জন্য আসেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন । এছাড়া দেশটির প্রধান মন্ত্রী সেরিং টবগেই অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।      

প্রতিষ্ঠার পর পাকিস্তানের ইসলামাবাদ ও ভারতের নয়াদিল্লিতে দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন অনুঠিত হয়। ২০১২ সালে অনুষ্ঠিত ফোরামের তৃতীয় সম্মেলনে ফোরামের লোগো তৈরির সিন্ধান্ত হয়।