২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে শনিবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 08:16 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

শনিবার বিকালে এই প্রতিযোগিতা চলাকালে মিরকাদিম থেকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় নদীর দুতীর লোকারণ্য হয়ে ওঠে।

এছাড়া নৌকা, লঞ্চেও কয়েকহাজার নারী-পুরুষ উৎসব উপভোগ করেন।

জেলা প্রশাসন আয়োজিত নৌকাবাইচের ৬০ মাল্লা গ্রপে প্রথম হয়েছে মত্তগ্রাম এক্সপ্রেস-২, ৫০ মাল্লায় শিরোপা জিতেছে শ্রীধরপুর, ২৫ মাল্লা গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে লস্করপুর।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য এম ইদ্রিস আলী, সুকুমার রঞ্জন ঘোষ, মমতাজ বেগম, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

এর আগে বেলা সাড়ে ৩টায় মিরকাদিম বন্দর প্রাঙ্গণে বাইচের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মো. মহিউদ্দিন।

আয়োজক কমিটির প্রধান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেন, নতুন প্রজন্মকে দেশজ সংস্কৃতির সঙ্গে পরিচিত রাখা এবং আবহমান বাংলার এই ঐহিত্যকে ধারণ করার জন্যই সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ এই জনপদে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।

আয়োজনকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন মাল্লা নামের একটি আকর্ষণীয় স্মরণিকা প্রকাশ করেছে।

নৌকাবাইচ দেখতে মুন্সীগঞ্জের বিভন্ন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুরসহ বিভিন্ন এলাকার মানুষ আসে।