নরসিংদীতে ৫ জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার
নরসিংদী পৌর জামায়াতের আমীর জহিরুল ইসলাম মানিক মিয়াসহ ৫ জামায়াত নেতাকর্মীকে লিফলেট সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের সাটিরপাড়া এলাকা থেকে জহিরুল ইসলাম মানিক, ৬নং ওয়ার্ড জামায়াত সভাপতি ডা. নূরুল আমিন বাবলু, জামায়াত কর্মী সাদেকুর রহমান, ইউনুছ মিয়া ও মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট উদ্ধার করা হয়েছে।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক শামসুল ইসলাম তালুকদার জানান, দাওয়াতি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮ টায় জহিরুল ইসলাম মানিক মিয়াসহ কর্মীরা দলীয় প্রচারপত্র বিলি করতে গেলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালত প্রেরণ করে।
আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
