২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ত্রাণ সহায়তা নিয়ে ভাবছে নিরাপত্তা পরিষদ

তীব্র দরকষাকষির পর রাশিয়া প্রস্তাবিত প্রস্তাবে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ সুগম হওয়ার পর এবার সিরিয়ার মানবিক সঙ্কটের দিকে মনোযোগ ফিরিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Sep 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

শুক্রবার সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তি পাশ হওয়ার পর নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে নতুন ঐক্য তৈরি হয়েছে।

রাশিয়া ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে কূটনৈতিক অবিশ্বাস ও অচলাবস্থার কারণে দীর্ঘদিন ধরে এ ধরনের ঐক্য দেখা যায়নি।

এই ঐক্যবদ্ধ নিরাপত্তা পরিষদ সিরিয়ায় মানবিক ত্রাণ কার্যক্রম আরো গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে প্রতিবেশী দেশগুলো থেকে সীমান্ত পথে মানবিক ত্রাণ সরবরাহে সিরিয়ার সরকারকে রাজি করাতে ও এসব ত্রাণ দুর্গত মানুষের কাছে পৌঁছানোর পথে সাময়িকভাবে লড়াই বন্ধ রাখতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অনুরোধ জানানোর একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য অস্ট্রেলিয়া ও লুক্সেমবার্গ ত্রাণ সঙ্কটের ওপর প্রস্তুত করা একটি খসড়া প্রস্তাব সদস্যদের মাঝে বিলি করেছে।

সিরিয়ার রাসায়নিক অস্ত্র নির্মূলে নিরাপত্তা পরিষদের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হওয়ার পর অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্যারি কুইনলান সিরিয়ার ক্রমবর্ধমান মানবিক সঙ্কটের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আবেদন জানান।

নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি কুইনলান বলেন, “আমাদের এক দিন দেরী করা মানে আরো ৬ হাজার শরণার্থী তৈরি করা।

চলতি সপ্তাহে এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যদের এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর তাগিদ দেন তিনি।

আড়াই বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকে ২০ লাখেরও বেশি মানুষ প্রতিবেশি দেশগুলোতে পালিয়ে গেছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

যুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সিরিয়ার ভিতরে আরো লাখ লাখ মানুষ ব্যাপক মানবিক সঙ্কটের মুখে থাকলেও সহিংতা ও বিধিনিষেধের কারণে তারা প্রয়োজনীয় ত্রাণ সাহায্য পাচ্ছে না।

খসড়া প্রস্তাবে সিরিয়ায় বিবদমান সব গোষ্ঠীগুলোর কাছে “ত্রাণ সংস্থাগুলোর নোটিশের ওপর ভিত্তি করে ত্রাণবাহী রসদ গমন নিশ্চিত করা ও সেগুলো বিতরণের সময় মানবিক কারণে লড়াই বন্ধ রাখার” আবেদন জানানো হবে।

এ বিষয়ে সোমবার একটি বৈঠক হতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা। তবে এই প্রস্তাবটি আগের প্রস্তাবের মতো “বাধ্যতামূলক” হবে না।