২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামগতিতে সংঘর্ষে আহত আ. লীগ কর্মীর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে আহত এক আওয়ামী লীগকর্মীর মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 08:09 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মনির (৫৫) মৃত্যু হয় বলে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ যুবদলকর্মী জসিম উদ্দিনকে রামগতির বালুরচর থেকে এবং বিএনপি সমর্থক জিন্নাত আরা বেগম জিনুকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করেছে।

রামগতি থানার ওসি মোকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইদিন আগে ছাত্রলীগকর্মী আবদুর রহিমকে মোবাইল চুরির অভিযোগে স্থানীয় ছাত্রদলকর্মীরা মারধর করে।

এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে জনতা বাজারে সাবেক ইউপি সদস্য ইদ্রিস মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল হান্নানের পক্ষের লোবজনের সঙ্গে ইউপি সদস্য সফিক উল্লাহ, যুবলীগ নেতা আকতার হোসেনের সমর্থকদের সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে উভয় পক্ষের ২০ আহত ও ১০/১২টি বাড়িঘর ভাংচুর করা হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে মনির অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিসাৎধীন অবস্থায় ভোরে মারা যান তিনি।

নিহত মনির রামগতি উপজেলার বালুরচর গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন আব্দুল ওয়াহেদ।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।