২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্ধক্যের জটিলতায় অর্থমন্ত্রী’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিতর্কিত বিভিন্ন বক্তব্যের কারণ তার ‘বার্ধক্য’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে রাব্বি মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 03:50 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার এক অনুষ্ঠানে বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে পেশাদার রাজনীতিককে না দেয়ার প্রবণতার সমালোচনাও করেন প্রবীণ এই রাজনীতিক।

ফজলে রাব্বি বলেন, “এখানে অর্থ মন্ত্রণালয়ের কথা এসেছে। এটা তো ওরস্ট পসিবল মিনিস্ট্রি। জটিলতা সৃষ্টি করাই তাদের কাজ।

“আর অর্থমন্ত্রী তো মাঝে মাঝেই এমন সব মন্তব্য করেন, যেটা দেশের জন্য ক্ষতিকর। উনি একজন পণ্ডিত লোক। পণ্ডিত হিসাবে আমি উনাকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি যেসব মন্তব্য করেন, সেগুলো সম্ভবত বার্ধক্যজনিত কারণে করে থাকতে পারেন।”

৭৯ বছর বয়সি অর্থমন্ত্রীকে নিয়ে রাজধানীর একটি হোটেলে মানবাধিকারকর্মীদের একটি জাতীয় সম্মেলনে একথা বলেন ৬৭ বছর বয়সি ফজলে রাব্বি।

গাইবান্ধা থেকে পাঁচ বার সংসদে প্রতিনিধিত্বকারী ফজলে রাব্বি বলেন, “তাজউদ্দীন আহমদের দুইটা বাজেট আপনারা পড়ে থাকবেন। তারপরে আর কোনো রাজনৈতিক কেউ কিন্তু অর্থমন্ত্রী হয়নি।

“এরা কিভাবে কৃষকের কথা বুঝবে? এরা সবাই হয় সামরিক আমলা, নয় তো বেসামরিক আমলা। মাঠ ঘাট ঘুরে এরা এখানে আসেনি।”

জাতীয় পার্টির এক সময়কার এই সংসদ সদস্য নিজের প্রসঙ্গে বলেন, “আমি যে জুতা পরে এখানে এসেছি, সেটা দিয়েই কাল চরের মধ্য দিয়ে গেছি। আসার সময় বারবার মুছেছি, যেন এ রকম একটা অনুষ্ঠানে (৫ তারকা হোটেলে অনুষ্ঠিত) আসতে পারি।”

গাইবান্ধা থেকে গভীর রাতে গাড়িতে উঠে ঢাকায় এসেছেন বলে এই সংসদ সদস্য তার বক্তব্যে উল্লেখ করেন।

“তাই আমাদের মতো মাঠ-ঘাটে চরে বেড়ানো অভিজ্ঞতা এদের নেই,” বলেন তিনি।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বি বলেন, “আইন মন্ত্রণালয়ে শফিক আহমেদ আছেন। তিনি একজন ডায়নামিক লোক। কিন্তু এরপরও আইন মন্ত্রণালয় ডায়নামিক না।”

অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক তাদের কার্যক্রম পরিচালনায় আমলাতান্ত্রিক জটিলতার কথা তুলে ধরেন।

“আইনে আছে, মানবাধিকার কমিশন অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে স্বাধীন থাকবো। কিন্তু একজন ক্লার্ক নিয়োগ দিতে হলেও আমাদেরকে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, পরে অর্থ মন্ত্রণালয়ে যেতে হয়।

“এরপর নানা জায়গায় ঘুরতে হয়। আমি অর্থ মন্ত্রণালয়কে বললাম, মানবাধিকার কমিশনের জন্য সরকারের বরাদ্দটা আমাদেরকে একবারে দিয়ে দাও। আমরা ওই বাজেটেই আমাদের কাজ করব। কিন্তু তারা যা সব করে, সেগুলো নাকি নিয়মের মধ্যে থেকেই করে।”

পুরনো খবর:

‘আপনি মুরুব্বি, কথা কম বললে খুশি হই’
মুহিতের মুখে এবার ‘ফাটকাবাজারী’