‘আপনি মুরুব্বি, কথা কম বললে খুশি হই’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে কম কথা বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ নাসিম।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে কম কথা বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ নাসিম।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “মাননীয় অর্থমন্ত্রী একটু কম কথা বলেন। আপনি আমাদের মুরুব্বি, আপনি কম কথা বললে আমরা খুশি হই।”
গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস, পদ্মা সেতু, হল-মার্কের অর্থ কেলেঙ্কারিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে সাম্প্রতিক দিনগুলোতে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাও তার সমালোচনা করেছেন।
বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘বিরোধী দলীয় নেত্রীর উস্কানিমূলক বক্তব্য, জামায়াত-শিবিরের অপরাজনীতি- সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মুহিতের পাশাপাশি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ারও সমালোচনা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম।
তিনি অভিযোগ করেন, মাঠ গরম করার জন্য খালেদা জিয়া ‘মিথ্যাচার’ করছেন।
“আমরা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করছি। ডিসেম্বরের মধ্যেই শীর্ষ যুদ্ধাপরাধীদের রায় শুরু হবে। অথচ তিনি (খালেদা) বলছেন, আমরা নাকি জামায়াতের সঙ্গে আঁতাত করছি।”
গত শনিবার কক্সবাজারের রামুতে এক সভায় খালেদা জিয়া দাবি করেন, আওয়ামী লীগ তলে তলে ১৮ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামকে পক্ষে নেয়ার চেষ্টা করছে।
সারাদেশে পুলিশের ওপর জামায়াতের হামলার ঘটনায় বিএনপি ছাড়া সব দলই প্রতিবাদ করেছে মন্তব্য করে খালেদা জিয়ার উদ্দেশ্যে নাসিম বলেন, “প্রকাশ্যে জামায়াতের সঙ্গ ছাড়ার ঘোষণা দেয়ার সাহস ও মনের জোর আপনার নেই। কারণ আপনি প্রকাশ্যেই তাদের নিয়ে রাজনীতি করেন।”
“খালেদা জিয়া আবার ক্ষমতায় গেলে তার কাছে জঙ্গিরা আশ্রয়-প্রশ্রয় পাবে। কারণ জামায়াত, জঙ্গি ও ধর্মান্ধদের নিয়ে তিনি চলেন। জিয়াউর রহমানও জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন।”
সম্প্রতি ভারত সফরে গিয়ে খালেদা জিয়া দেশটির সরকারকে প্রতিশ্রুতি দেন- আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি বাংলাদেশের মাটিতে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেবে না।
এ বিষয়ে নাসিম বলেন, “দিল্লি নয়, পিকিং নয়, লন্ডনে নয়- বাংলার জনগণকে বলেন, ‘আমি জঙ্গিদের সঙ্গে নেই’।”
দেশে জরুরি অবস্থা জারি হলে ‘কিছু’ করার নেই- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসিম বলেন, “কে জরুরি অবস্থা জারি করবে? তা হতে দেয়া হবে না। আপনারা যতোই হুমকি দেন, কিছুই হবে না।”
“আগামী নির্বাচন আন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। ওই সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে।”
বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহনগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করীম এ অনুষ্ঠানে বক্তব্য দেন।
