বেঈমানদের মাফ নয়: ইনু
যুদ্ধাপরাধীদের জাতীয় বেঈমান অভিহিত করে তাদের ক্ষমা না করতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার বাংলা একাডেমিতে শিশুতোষ চলচ্চিত্র ও অনুষ্ঠান নির্মাণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “একাত্তরের যুদ্ধাপরাধীরা জাতীয় বেঈমান। এই জাতীয় বেঈমানদের কোনো মাফ নেই।”
শিশুদের উদ্দেশ্যে এই মুক্তিযোদ্ধা বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের মহাশত্রু হলো রাজাকার। এই রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের অজস্র শিশুকে হত্যা করেছে। তাই তোমরা এই বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করবে না।”
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, বর্তমানে হরহামেশাই রাজনৈতিক মিছিল এবং রাজনৈতিক মাঠে শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এ থেকে বেরিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, “শিশুদের দিয়ে রাজনৈতিক মঞ্চে গান পরিবেশন করতে দেয়াও উচিত নয়।”
সংক্ষিপ্ত আলোচনা শেষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত তিনটি স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র দেখানো হয়।
১৮ মিনিটের তথ্যচিত্র ‘আমাদের মতিউর’ এবং ২০ মিনিটের কাহিনীচিত্র ‘পম্পি নামের ছেলেটি’ ও ‘অটুট স্বপ্ন’র প্রদর্শনী হয়।
শিশুদের সৃষ্টিশীল কর্মকাণ্ডে উৎসাহ দেয়ার লক্ষ্যে ২০০৮ সাল থেকে শিশুদের পরিকল্পনা ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজ করছে বাংলাদেশ শিশু একাডেমি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান শেখ আবদুল আহাদ প্রমুখ বক্তব্য দেন।
